Advertisement
E-Paper

‘ভেবেচিন্তে ভোট দিন, দেশের নারীরা আমাদের দিকে তাকিয়ে’! মহিলা সংরক্ষণ বিল নিয়ে ভোটাভুটির আগে বার্তা মোদীর

বৃহস্পতিবার লোকসভায় পেশ হয়েছে মহিলা সংরক্ষণ ও লোকসভায় আসনবৃদ্ধির জন্য ১৩১তম সংবিধান সংশোধনী বিল, পুনর্বিন্যাস বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। বিল পেশের পর তা নিয়ে আলোচনাও হয় সংসদে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৫:০৭
Prime Minister Narendra Modi urges all MPs to back reservation bill

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। — ফাইল চিত্র।

মহিলা সংরক্ষণ এবং লোকসভায় আসনবৃদ্ধি সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল নিয়ে সংসদে আলোচনা হয়েছে। শুক্রবার বিকেলে এই বিল নিয়ে ভোটাভুটি হতে পারে। বিরোধীরা প্রথম থেকেই এই বিল নিয়ে আপত্তি তুলেছেন। ভোটাভুটিতে তার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। সেই আবহে ভোটাভুটি শুরুর আগেই লোকসভার সকল সদস্যের উদ্দেশে ভেবেচিন্তে পদক্ষেপ করার পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর আবেদন, ‘‘দেশের নারীশক্তির সেবা করার ক্ষেত্রে এটি বড় সুযোগ। তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করবেন না!’’

ভোটাভুটির প্রাক্কালে মোদী এক্স হ্যান্ডলে এক দীর্ঘ পোস্ট করেন। বিলের পক্ষে ভোটদানের উপর জোর দেন তিনি। লেখেন, ‘চার দশক ধরে নারী সংরক্ষণের বিষয়টি নিয়ে প্রচুর রাজনীতি হয়েছে। এখন সময় এসেছে, দেশের অর্ধেক জনসংখ্যাকে অবশ্যই তাদের অধিকার দিতে হবে।’’

সেই বিষয় উল্লেখ করে মোদী লেখেন, ‘‘এই বিল নিয়ে যা তথ্যের অভাব ছিল, তা প্রত্যেক সদস্যকে সরবরাহ করা হয়েছে। যে কোনও উদ্বেগের সমাধান করা হয়েছে।’ প্রসঙ্গত, তিনটি বিল নিয়ে কথা হলে মোদী তাঁর পোস্টে মহিলা সংরক্ষণ বিলের বিষয়ই উল্লেখ করেছেন।

Advertisement

মোদীর আর্জি, ‘স্বাধীনতার এত দশক পরেও দেশের কোনও কিছু সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভারতীয় নারীদের এত নগণ্য প্রতিনিধিত্ব থাকা ঠিক নয়। অনুগ্রহ করে, যথাযথ বিবেচনা এবং সম্পূর্ণ সংবেদনশীলতার সঙ্গে সিদ্ধান্ত নিন। নারী সংরক্ষণের পক্ষে ভোট দিন।’ প্রধানমন্ত্রী আরও লেখেন, ‘দেশের লক্ষ লক্ষ নারীর নজর আপনাদের (লোকসভার সাংসদ) এবং আমাদের সিদ্ধান্তের উপর রয়েছে।’

বিরোধীদের অভিযোগ, মহিলাদের জন্য আসন সংরক্ষণ সংক্রান্ত সংশোধনী বিলকে শিখণ্ডী করে আসলে লোকসভার আসন বৃদ্ধিতে সক্রিয় হয়েছে বিজেপি। আরও অভিযোগ, জনগণনার আগেই সুবিধামতো আসন বৃদ্ধির মাধ্যমে জাতীয় রাজনীতিতে দক্ষিণ ভারতের রাজ্যগুলির প্রভাব খর্ব করে উত্তর ভারতের আসনের অনুপাত বাড়িয়ে নেওয়াই উদ্দেশ্য, যেখানে বিজেপির প্রভাব অনেক বেশি। অভিযোগ, সেই কারণেই সংবিধান সংশোধনী বিলে লোকসভার আসন বৃদ্ধির সঙ্গে মহিলা সংরক্ষণকে জুড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ বিল লোকসভায় পেশের পর বিরোধীদের বক্তব্য, লোকসভার আসন বৃদ্ধির মতো ভিন্ন একটি বিষয়কে মহিলা সংরক্ষণ বিলের অধীনে আনা হয়েছে বিজেপির রাজনৈতিক লক্ষ্যসাধনের জন্যই। বিলগুলি নিয়ে আলোচনার পর শুক্রবার বিকেলে ভোটাভুটি হওয়ার কথা।

Women Reservation Bill Narendra Modi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy