Advertisement
E-Paper

অনলাইনে প্রতারণার শিকার! অবসাদে নিজেকেই গুলি করলেন পঞ্জাবের প্রাক্তন আইপিএস আধিকারিক

সোমবার দুপুরে বাড়িতেই নিজেকে গুলি করেন প্রাক্তন আইজি অমর। কেন তিনি ওই ঘটনা ঘটালেন, তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনাস্থল থেকে একটি ‘সুইসাইড নোট’ মিলেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১৭:১৮
পঞ্জাবের প্রাক্তন আইজি অমরসিংহ চহল।

পঞ্জাবের প্রাক্তন আইজি অমরসিংহ চহল। — ফাইল চিত্র।

সাইবার জালিয়াতির জেরে খুইয়েছিলেন সঞ্চিত অর্থ। অবসাদে নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যার চেষ্টা করলেন পঞ্জাবের প্রাক্তন আইজি অমরসিংহ চহল। সোমবার দুপুরে নিজের পটীয়ালার বাসভবনে আত্মহত্যার চেষ্টা করেছেন ওই আইপিএস আধিকারিক। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন সূত্রে খবর, সোমবার দুপুরে বাড়িতেই নিজেকে গুলি করেন প্রাক্তন আইজি অমর। কেন তিনি ওই ঘটনা ঘটালেন, তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনাস্থল থেকে একটি ‘সুইসাইড নোট’ মিলেছে। তাতে লেখা রয়েছে, সম্প্রতি অনলাইনে প্রতারিত হন অমর। তার পর থেকে আর্থিক ক্ষতির পাশাপাশি চরম মানসিক উদ্বেগেও ভুগছিলেন তিনি। সম্ভবত সে জন্যই আত্মহত্যার চেষ্টা করেছেন ওই আধিকারিক। বিস্তারিত জানতে তদন্তে নেমেছে পুলিশ।

পটীয়ালার সিনিয়র পুলিশ সুপার বরুণ শর্মা বলেন, ‘‘গুলি চলার খবর পেয়ে ওই আইপিএসের বাড়িতে পৌঁছোয় পুলিশ। তাঁকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’’ হাসপাতাল সূত্রে খবর, অমরের অবস্থা আশঙ্কাজনক। প্রসঙ্গত, পঞ্জাব পুলিশের অবসরপ্রাপ্ত আইজি অমর ২০১৫ সালে ফরিদকোটের বেহবলকালান এবং কোটকাপুরায় শিখদের জমায়েতে গুলি চালানোর মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন। ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি ফরিদকোটের একটি আদালতে ওই মামলায় চার্জশিট দেয় এডিজি এলকে যাদবের নেতৃত্বাধীন বিশেষ তদন্তকারী দল (সিট)। চার্জশিটে অমর-সহ পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্তার নাম উল্লেখ করা হয়েছিল। এ হেন অমর কেন আত্মহত্যার চেষ্টা করলেন, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Punjab IG IPS Shoot
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy