অনলাইন বেটিং প্ল্যাটফর্মগুলির বিজ্ঞাপন রুখতে পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। সংবাদপত্র, বৈদ্যুতিন ও ডিজিটাল সংবাদমাধ্যম যাতে এই ধরনের বিজ্ঞাপন থেকে বিরত থাকে, সে ব্যাপারে সোমবার আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। দেশের অধিকাংশ এলাকায় বেটিং ও জুয়া খেলা বেআইনি বলে উল্লেখ করা হয়েছে মন্ত্রকের ওই বার্তায়। এই ধরনের বিজ্ঞাপনে উপভোক্তাদের আর্থ-সামাজিক পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার আশঙ্কা যে থাকে, সে বিষয়টিও উত্থাপন করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, বৃহত্তর জনস্বার্থের কথা মাথায় রেখেই এই পরামর্শ দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমে অনলাইন বেটিং ওয়েবসাইটগুলির রমরমার প্রেক্ষিতে এই ধরনের নির্দেশিকা জারি করা হয়েছে।
আরও পড়ুন:
মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বেটিং ও জুয়া খেলা দেশের অধিকাংশ প্রান্তে বেআইনি। পাশাপাশি এর সঙ্গে উপভোক্তাদের আর্থ-সামাজিক ক্ষেত্রের ঝুঁকির দিকটিও রয়েছে। বিশেষত, শিশু ও তরুণ প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ।’
উল্লেখ্য, খেলা চলাকালীন প্রায়শই নানা বেটিং-চক্রের পর্দা ফাঁস হয়ে থাকে। গত আইপিএলেও এই ধরনের নানা অভিযোগ সামনে এসেছিল।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ