নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পুত্রের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন মন্ত্রীপুত্র। পাল্টা ওই নাবালিকার পরিবারের বিরুদ্ধে তোলাবাজি এবং ভয় দেখানোর অভিযোগ তুলেছেন তিনি। দু’পক্ষই থানায় অভিযোগ এবং পাল্টা অভিযোগ দায়ের করেছে।
১৭ বছর বয়সি ওই কিশোরীর মায়ের দাবি, তাঁর মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল মন্ত্রীপুত্রের। পুলিশ সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, প্রায় সাত-আট মাস ধরে দু’জনের সম্পর্ক ছিল বলে দাবি পরিবারের। সেই সময়েই কিশোরীকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। যদিও এই অভিযোগ এখনও যাচাই করে দেখেনি পুলিশ। এরই মধ্যে তেলঙ্গানার করিমনগরে পুলিশের কাছে পাল্টা অভিযোগ জানিয়েছেন মন্ত্রীপুত্র। কিশোরীর সঙ্গে তাঁর পরিচয়ের কথা পুলিশকে জানিয়েছেন তিনি।
মন্ত্রীপুত্রের দাবি, কিশোরীই তাঁর সঙ্গে আলাপ করেছিল। পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানাত। তাঁর অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যে একটি এফআইআর রুজু করেছে পুলিশ। অভিযোগপত্রে মন্ত্রীপুত্র জানিয়েছেন, কিশোরীর পরিবারকে বিশ্বাসযোগ্য বলে মনে করেছিলেন তিনি। সেই কারণে ওই পরিবারের সঙ্গে কিছু ধর্মীয় স্থানে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেই ভ্রমণকারীদের দলে আরও অনেকে ছিলেন বলেও পুলিশকে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
পুলিশকে মন্ত্রীপুত্র জানিয়েছেন, এ অবস্থায় কিশোরীকে বিয়ে করার জন্য তাঁকে চাপ দিতে থাকে ওই পরিবার। এ নিয়ে তাঁকে ভয়ও দেখানো হয়েছিল বলে অভিযোগ। কিন্তু তিনি ওই প্রস্তাবে রাজি হননি। এর পরে তাঁর কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল বলেও পুলিশকে জানান। তাঁর অভিযোগ, দাবি মতো টাকা দিতে না-পারলে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হবে, এমন হুমকিও দেওয়া হয়েছিল। ঘাবড়ে গিয়ে তিনি কিশোরীর বাবাকে ৫০ হাজার টাকা দিয়েছিলেন। কিন্তু কিশোরীর বাবা তাঁর কাছ থেকে ৫ কোটি টাকা দাবি করেন বলে দাবি পরিবারের। টাকা না পেলে কিশোরীর মা আত্মহত্যা করবেন বলেও তাঁকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল বলেও পুলিশকে জানিয়েছেন তিনি।