Advertisement
E-Paper

ইউটিউবারের দেহ উদ্ধার তেলঙ্গানায়! মৃত্যুর আগে কুয়েতে কর্মরত মাকে মেসেজ, ‘তোমাকে ভালবাসি’

প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, কোনও প্রণয়ঘটিত সম্পর্ক নিয়ে মানসিক চাপে ছিলেন কোমালি। তাঁর সঙ্গে এক সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ারের পরিচয় ছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩২
মৃত তরুণী বোনু কোমালি। ছবি: সংগৃহীত।

মৃত তরুণী বোনু কোমালি। ছবি: সংগৃহীত।

ইউটিউবারের দেহ উদ্ধার হল তেলঙ্গানায়। মৃতের নাম বোনু কোমালি (২১)। সোমবার তেলঙ্গানার হায়দারবাদে এক ভাড়াবাড়ি থেকে কোমালির দেহ উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে খবর।

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের বাসিন্দা কোমালি। হায়দরাবাদের একটি বেসরকারি কলেজে বিজ্ঞানে স্নাতকস্তরে পড়াশোনা করছিলেন। গত ১১ মাস ধরে হায়দরাবাদে একটি বাড়ি ভাড়া নিয়ে একাই থাকছিলেন কোমালি। পড়াশোনার পাশাপাশি নানা রকম ভ্লগিং করতেন তিনি। ইউটিউবে তাঁর নিজস্ব একটি চ্যানেলও রয়েছে।

পুলিশ জানিয়েছে, কোমালির মা বি সত্য বরালক্ষ্মী কুয়েতে কর্মরত। সোমবার সকালে মাকে হোয়াট্‌সঅ্যাপে একটি মেসেজ পাঠান কোমালি। সেখানে তিনি লেখেন, ‘‘মা, তোমাকে খুব ভালবাসি। ভাইয়ের খেয়াল রেখো।’’ কোমালির মায়ের দাবি, এই মেসেজ পাওয়ার পরই তিনি কন্যাকে ফোন করেন। কিন্তু ফোন বন্ধ ছিল। অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন বরালক্ষ্মী। তিনি কোমালির এক বন্ধুকে ফোন করে ঘটনাটি জানান। সেই বন্ধু কোমালির ভাড়াবাড়িতে যান বিকেলে। বার বার ডেকেও কোমালির সাড়া পাননি। সন্দেহ হওয়ায় তিনি বাড়ির মালিককে জানান। খবর দেওয়া পুলিশেও।

স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সিএইচ বেঙ্কান্না জানিয়েছেন, ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকতেই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, কোনও প্রণয়ঘটিত সম্পর্ক নিয়ে মানসিক চাপে ছিলেন কোমালি। তাঁর সঙ্গে এক সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ারের পরিচয় ছিল। তাঁরা দু’জনে একসঙ্গে ইউটিউব চ্যানেল চালাতেন। পরিচিতদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, সম্প্রতি তাঁদের মধ্যে সম্পর্কের টানাপড়েন চলছিল। মাস ছয়েক আগেও কোমালি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে ঠিক কী কারণে কোমালি আত্মঘাতী হলেন, সেই কারণ অনুসন্ধান করছে পুলিশ।

Telangana
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy