Advertisement
E-Paper

মহারণ-জয়ী সূর্যদের খবর। দিল্লিতে এআই সম্মেলন। বাংলাদেশে সরকার গড়ার তোড়জোড়। আর কী কী নজরে

সোমবার থেকে পাঁচ দিনের কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই) নিয়ে আন্তর্জাতিক সম্মেলন চলবে শুক্রবার পর্যন্ত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০০

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই) নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে নয়াদিল্লিতে। সোমবার থেকে পাঁচ দিনের এই সম্মেলন চলবে শুক্রবার পর্যন্ত। যোগ দেবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং উদ্যোগপতিরা। এই সম্মেলনের পোশাকি নাম ‘এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’। এই সম্মেলনে যোগ দেবেন গুগলের সুন্দর পিচাই, ওপেনএআই-এর স্যাম অল্টম্যান-সহ কমবেশি ৪০টি সংস্থার কর্তাব্যক্তিরা। যোগ দেবেন ২০টি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কিংবা শীর্ষস্থানীয় নেতারা। আগামী বৃহস্পতিবার এই সম্মেলনে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ এই সম্মেলনের দিকে নজর থাকবে।

বিশ্বকাপে আবার মহারণে জয়ী ভারত। পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে চলে গেল সূর্যকুমার যাদবের দল। গ্রুপ পর্বে আর একটি করে ম্যাচ বাকি দুই দলের। দু’দলই নামছে বুধবার। ভারত খেলবে নেদারল্যান্ডসের সঙ্গে। তার আগে পাকিস্তান মুখোমুখি নামিবিয়ার। দুই দলের সব খবর।

শপথগ্রহণ এখনও হয়নি। তবে বিএনপি-র অন্দরে সরকার গঠনের তোড়জোড় চলছে জোরকদমে। আগামী মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের নেতৃত্বে শপথ নেবে বাংলাদেশের নবনির্বাচিত সরকার। সেখানে ভারতের প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণের আগে প্রস্তুতি পর্বের দিকে নজর থাকবে আজ।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক’ ভিডিয়ো বিতর্ক এখন সুপ্রিম কোর্টে। গত মঙ্গলবারই এই সংক্রান্ত জনস্বার্থ মামলা গ্রহণ করেছিল দেশের শীর্ষ আদালত। আজ প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই মামলাটির শুনানি হওয়ার কথা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ তিনটি ম্যাচ। রয়েছে অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা খেলা। এই ম্যাচে জিততেই হবে অসিদের। আগের ম্যাচে জিম্বাবোয়ের কাছে হারা অস্ট্রেলিয়া আজও হারলে ঘোর সমস্যায় পড়বে। তাকিয়ে থাকতে হবে তাদের গ্রুপের অন্য ম্যাচের ফলের দিকে। খেলা সন্ধ্যা ৭টা থেকে। সকাল ১১টায় রয়েছে আফগানিস্তান বনাম আমিরশাহি ম্যাচ। বিকেল ৩টেয় ইডেনে মুখোমুখি ইংল্যান্ড এবং ইটালি। সব ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

রঞ্জি সেমিফাইনালের আজ দ্বিতীয় দিন। কল্যাণীতে বাংলা খেলছে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে। প্রথম দিনের শেষে বাংলা ৫ উইকেটে ২৪৯ রান তুলেছে। কোয়ার্টার ফাইনালে ২৯৯ রান করা সুদীপ ঘরামি সেমিফাইনালেও শতরান করে ব্যাট করছেন। আজ দ্বিতীয় দিনের খেলা সকাল ৯টা থেকে। অন্য সেমিফাইনালে উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম দিনই ভাল জায়গায় কর্নাটক। কেএল রাহুল এবং দেবদত্ত পড়িক্কলের শতরানে ২ উইকেটে ৩৫৫ রান তুলেছে তারা। এই ম্যাচ সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

News of the Day AI ICC T20 World Cup Bangladesh Situation Himanta Biswa Sarma Ranji Semi Final
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy