ঝাড়খণ্ডের সারান্ডার জঙ্গলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মাওবাদীদের এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। চাঁইবাসার পুলিশ সুপার পরশ রানা জানিয়েছেন, পশ্চিম সিংভূম জেলার গোইলকেরা থানার অন্তর্গত সারান্ডার জঙ্গলে মাওবাদীদের জড়ো হওয়ার কথা গোপন সূত্রে জানতে পারে পুলিশ এবং নিরাপত্তাবাহিনী। তার পরই সেখানে অভিযানে যান পুলিশ এবং নিরাপত্তাবাহিনীর যৌথ একটি দল।
জঙ্গল ঘিরে ফেলে মাওবাদীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয় শনিবার রাত থেকে। বাহিনীর উপস্থিতির টের পেয়ে মাওবাদীরা গুলি চালাতে শুরু করেন। তার পর পালানোর চেষ্টা করেন। কিন্তু বাহিনী তৎপরতার সঙ্গে জবাব দেয়। দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। সেই সংঘর্ষে মাওবাদী শীর্ষ নেতা অমিত হাঁসদা ওরফে আপ্তানের মৃত্যু হয়েছে বলে বিষয়টি সনিশ্চিত করেছেন পুলিশ সুপার।
পুলিশ সুপার জানিয়েছেন, অমিতের মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা। সংঘর্ষে অমিতের মৃত্যু হলেও মাওবাদীদের বাকি সদস্যদের ধরা যায়নি। তাঁদের খোঁজে তল্লাশি জারি সারান্ডার জঙ্গল এবং সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে খবর, এই অভিযানে মাওবাদীদের ডেরা থেকে এসএলআর রাইফেল, বিস্ফোরক এবং প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে। গত ৩ সেপ্টেম্বর রাজ্যের পলামু জেলায় মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশকর্মী নিহত হয়েছিলেন। ওই দিন কেড়ালের জহ্গলে রাত ১টা থেকে দেড়টা নাগাদ তল্লাশি অভিযানে যায় নিরাপত্তাবাহিনী। তাদের কাছে খবর ছিল, ওই জঙ্গলে মাওবাদী নেতা শশীকান্ত গানঝু আশ্রয় নিয়েছেন। তাঁর মাথার দামও ১০ লক্ষ টাকা। সেই খবর পেয়েই কেড়ালের জঙ্গলে অভিযানে যায় বাহিনী। তবে গানঝু পালিয়ে যান। সংঘর্ষে দুই পুলিশকর্মী নিহত হন।