অসমে ভেঙে পড়া ভারতীয় বায়ুসেনার সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমানের দুই পাইলটই মৃত। শুক্রবার সকালে তাঁদের মৃত্যুর খবর জানানো হয়েছে ভারতীয় বায়ুসেনার তরফে। ওই দুই পাইলটের নাম স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুরাগকর।
শুক্রবার ওই দুই পাইলটের পরিচয় প্রকাশ করে এক্স হ্যান্ডলে পোস্ট করে ভারতীয় বায়ুসেনা। মৃতদের শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছে তারা। এই অবস্থায় তাদের পাশে থাকার বার্তাও দেওয়া হয়েছে ভারতীয় বায়ুসেনার তরফে। তাঁদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।
সুখোইয়ের এই যুদ্ধবিমানটিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার এসইউ-৩০ যু্দ্ধবিমানটি জোরহাট বায়ুসেনাঘাঁটি থেকে সন্ধ্যায় ‘টেক অফ’ করেছিল। ওড়ার কিছু ক্ষণ পরে ৭টা ৪২ নাগাদ শেষ বার যোগাযোগ করা সম্ভব হয়েছিল। এর পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শেষ বার যোগাযোগের সময় সুখোই যুদ্ধবিমানটির অবস্থান ছিল অরুণাচল প্রদেশের সীমানাবর্তী এলাকায়। পরে বায়ুসেনার তরফ থেকে জানানো হয় জোরহাট থেকে প্রায় ৬০ কিমি দূরে অসমের কার্বি আংলং এলাকায় প্রশিক্ষণ চলাকালীন যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। শুরু হয় ওই যুদ্ধবিমানের খোঁজ।
আরও পড়ুন:
ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার তল্লাশি অভিযান শুরু করে। রাতভর তল্লাশি চালানো পর শুক্রবার সকালে সুখোই এসইউ-৩০এমকেআই যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। দুই পাইলটের মৃত্যুর খবর নিশ্চিত করল ভারতীয় বায়ুসেনা।
ভারতীয় বায়ুসেনার বহরে রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে নির্মিত ২৬০টিরও বেশি সুখোই রয়েছে। এর আগে ২০১৭ সালে অসমের তেজপুর বিমানঘাঁটি থেকে উড়ানের পরে অরুণাচলের পশ্চিম কামেং জেলার জঙ্গলে ভেঙে পড়েছিল একটি সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান। বিমানে ছিলেন এক জন স্কোয়াড্রন লিডার এবং এক জন ফ্লাইট লেফটেন্যান্ট। তাঁরা দু’জনেই দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। আবার একই ঘটনা ঘটল।