Advertisement
E-Paper

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রকাশ্য রাস্তায় তরুণীকে ছুরিকাঘাত! খুনের অভিযোগ, পরে গণপিটুনিতে মৃত্যু হল যুবকেরও

২১ বছর বয়সি বৈষ্ণবী মেহবুবনগরের এক স্কুলে ‘রিসেপশনিস্ট’ হিসাবে কাজ করতেন। হায়দরাবাদের বাসিন্দা ৩০ বছর বয়সি তেজা তাঁকে প্রেম-প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তরুণী তাতে রাজি হননি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১৫:৫৬

— প্রতীকী চিত্র।

প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার পরে তরুণীকে বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করতেন। তরুণীর পিছু নিতেন। এ বার সেই তরুণীকেই প্রকাশ্য রাস্তায় খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। হামলার পরে গণপিটুনিতে মৃত্যু হল অভিযুক্ত যুবকেরও। ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার মেহবুবনগর এলাকায়।

২১ বছর বয়সি বৈষ্ণবী মেহবুবনগরের এক স্কুলে ‘রিসেপশনিস্ট’ হিসাবে কাজ করতেন। হায়দরাবাদের বাসিন্দা ৩০ বছর বয়সি তেজা তাঁকে প্রেম-প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তরুণী তাতে রাজি হননি। অভিযোগ, এর পর থেকেই ওই যুবক তরুণীকে বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করতেন। তরুণীর পিছু নিতেন বলেও অভিযোগ। জানা যাচ্ছে, এরই মধ্যে তরুণীর বাগদানের খবর পান ওই যুবক। সেই খবর পেয়েই গত শনিবার তরুণীর উপর চড়াও হন তিনি।

তরুণী অটো থেকে নামতেই তাঁর গলায় ছুরিকাঘাত করেন ওই যুবক। রক্তাক্ত অবস্থায় তাঁকে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার ওই হামলার পরপরই পথচলতি লোকেরা এবং স্থানীয় বাসিন্দারা তাড়া করে ধরে ফেলেন অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, রাস্তাতেই দড়ি দিয়ে বেঁধে পেটানো হয় যুবককে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় যুবকেরও।

পুলিশ সূত্রে পিটিআই জানাচ্ছে, বৈষ্ণবী এবং তেজা উভয়েই পূর্বপরিচিত ছিলেন। ওই তরুণী আগে হায়দরাবাদের এক স্কুলে কাজ করতেন। সেই সময়েই তেজার সঙ্গে তাঁর আলাপ হয়। পরে তেজার প্রেম-প্রস্তাব বৈষ্ণবী প্রত্যাখ্যান করলে দু’জনের মধ্যে তিক্ততা বৃদ্ধি পেতে শুরু করেছিল।

Murder Telangana
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy