পুরী বেড়াতে গিয়ে শনিবার সমুদ্রে ডুবে মারা গেলেন রাজ্যের দুই পর্যটক। বোলপুরের বাসিন্দা বিশ্বজিৎ ভট্টাচার্য (৩০) পুরী গিয়েছিলেন কাকা-কামীমার সঙ্গে। তাঁর ভাই ইন্দ্রজিৎ এ দিন দুপুরে কাকার কাছ থেকে খবর পান, বিশ্বজিৎ সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছেন। ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পরে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। উত্তর ২৪ পরগনার বাদুর ঠাকুরঘাট রোডের বাসিন্দা সুদীপ্ত রায় (২৭) পুরী গিয়েছিলেন তেঘরিয়ার বাসিন্দা তাঁর দুই সহকর্মীর পরিবারের সঙ্গে। সঙ্গীরা পুলিশকে জানিয়েছেন, শনিবার দুপুরে সমুদ্রে স্নান করতে নেমে আচমকা একটা বড় ঢেউয়ের ধাক্কায় বেসামাল হয়ে তলিয়ে যান সুদীপ্ত। উদ্ধার করে পুরীর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।