আধার কার্ড আপডেট করার সময় সাবধান। পুরোপুরি জলে যেতে পারে ৭৫ টাকা! কারণ, নিরাপত্তার কথা মাথায় রেখে আধারে এ বার বড় বদল আনার পরিকল্পনা করছে কেন্দ্র। নতুন কার্ডে থাকবে না কোনও নম্বর। তার বদলে সেখানে ‘কুইক রেসপন্স’ (কিউআর) কোড রাখার সিদ্ধান্ত নিয়েছে ‘ইউনিক আইডেন্টিটি অথরিটি অফ ইন্ডিয়া’ (ইউআইডিএআই)। যদিও এই নিয়ে এখনও সরকারি ভাবে কোনও ঘোষণা করেনি নরেন্দ্র মোদী প্রশাসন।
সূত্রের খবর, নতুন যে আধার কার্ডটির পরিকল্পনা করা হয়েছে, তাতে দু’টি জিনিস রাখবে ইউআইডিএআই। একটি হল গ্রাহকের ছবি। আর দ্বিতীয়টি কিউআর কোড। এত দিন যে কেউ সংশ্লিষ্ট কার্ডটি থেকে গ্রাহকের ঠিকানা, জন্মতারিখ বা আধার নম্বরের মতো গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেখে দিতে পারতেন। নতুন ব্যবস্থায় তার যে আমূল বদল ঘটতে চলেছে, তা বলাই বাহুল্য।
কিউআর কোড-ভিত্তিক আধার কার্ডের তথ্য যাচাইয়ের প্রক্রিয়াটিও বেশ সহজ হতে চলেছে বলে জানা গিয়েছে। এর মাধ্যমে গ্রাহকের তথ্য যাচাই করতে কার্ডে থাকা কিউআর কোডটিকে স্ক্যান করতে হবে। তা হলেই সঙ্গে সঙ্গে যাবতীয় তথ্য পেয়ে যাবেন প্রশাসনিক আধিকারিক বা সংশ্লিষ্ট সংস্থা। আলাদা করে গ্রাহককে আর কোনও নথি দেখাতে হবে না।
বিশেষজ্ঞদের দাবি, আমজনতার ব্যক্তিগত তথ্যসুরক্ষার কথা রেখে কিউআর কোড-ভিত্তিক আধার কার্ড বাজারে আনতে চাইছে কেন্দ্র। ষদিও এই পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবের মুখ দেখবে কি না, তা এখনও পরিষ্কার নয়। গত বছর (২০২৫ সাল) সাইবার সুরক্ষা বাড়াতে আধার অ্যাপ্লিকেশন চালু করে মোদী সরকার। ওই অ্যাপের মাধ্যমেও কিউআর কোড স্ক্যান করে যাবতীয় তথ্য আদানপ্রদানের সুযোগ পাচ্ছেন গ্রাহক।
কেন্দ্রের চালু করা প্রযুক্তিটির সুবিধা পেতে হলে প্রথমে গুগ্ল প্লে স্টোর বা অ্যাপ্ল স্টোর থেকে আধার অ্যাপ ডাউনলোড করতে হবে। দ্বিতীয় ধাপে রয়েছে ফেস আইডেন্টিফিকেশন। এটিও বাধ্যতামূলক। সংশ্লিষ্ট প্রক্রিয়াটি শেষ হলেই আধার কার্ডের যাবতীয় তথ্য চলে আসবে গ্রাহকের ফোনে। ফলে আলাদা করে আধার কার্ড নিয়ে ঘুরতে হবে না তাঁকে।
কেন্দ্র জানিয়েছে, নতুন অ্যাপটি চলে আসায় আগামী দিনে আধার কার্ড ফোটোকপি করার আর প্রয়োজনই পড়বে না। তা ছাড়া কাউকে পুরো আধার তথ্য দেওয়ার দরকার নেই। অ্যাপের কিউআর কোড স্ক্যান করলে যেটুকু প্রয়োজন সেটুকু তথ্য পাবেন তিনি। গ্রাহকের বাকি তথ্য, অর্থাৎ বাড়ির ঠিকানা, মা-বাবার নাম বা মোবাইল নম্বর গোপন থাকবে। ফলে হ্যাকারদের উপদ্রব এড়াতে পারবেন তাঁরা।