E-Paper

সংসদকে না জানিয়েই বিদেশ যান রাহুল: রিজিজু

সম্প্রতি দেশবাসীকে কৃচ্ছ্রসাধন পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বিদেশ সফরে যাওয়ায় কটাক্ষ করেছিলেন রাহুল গান্ধী তথা কংগ্রেস নেতৃত্ব। তার পর থেকেই রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে সরব রয়েছেন বিজেপি নেতৃত্ব।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ০৯:২২
কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেণ রিজিজু।

কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেণ রিজিজু। — ফাইল চিত্র।

সংসদকে না জানিয়ে রাহুল গান্ধীর ঘন ঘন বিদেশ সফর যথেষ্ট চিন্তার বিষয় বলে আজ মন্তব্য করলেন কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেণ রিজিজু। কংগ্রেস নেতা কার্তি চিদম্বরমের পাল্টা প্রশ্ন, আরএসএসের প্রচারক হিসেবে নরেন্দ্র মোদী যখন ‘ফকির’ ছিলেন, সে সময়ে ১৪টি দেশ ঘোরার অর্থ তাঁকে কে জুগিয়েছিল?

সম্প্রতি দেশবাসীকে কৃচ্ছ্রসাধন পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বিদেশ সফরে যাওয়ায় কটাক্ষ করেছিলেন রাহুল গান্ধী তথা কংগ্রেস নেতৃত্ব। তার পর থেকেই রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে সরব রয়েছেন বিজেপি নেতৃত্ব। গত কাল বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রের পরে আজ এ নিয়ে মুখ খুলে কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেণ রিজিজুর অভিযোগ, ‘‘রাহুল বিদেশে গেলে লোকসভা বা রাজ্যসভার সচিবালয়কে জানিয়ে যান না। প্রোটোকল অনুযায়ী সাংসদদের যা জানানোর কথা। রাহুল গান্ধীর এ ভাবে না জানিয়ে বিদেশ সফর গুরুতর প্রশ্ন দিয়েছে।’’ কেবল বিদেশ যাত্রাই নয়, ওই সফরগুলির পিছনে কারা অর্থ খরচ করে ও তা বিদেশি অনুদান আইন মেনে হয় কি না তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। রিজিজুর কথায়, ‘‘এর পরে রাহুলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হলে যেন সরকারের উপরে দোষ না চাপানো হয়। কারণ আইনসকলের জন্য।’’

পাল্টা এ নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন কংগ্রেসের কার্তি চিদম্বরম। আরএসএসের প্রচারক অবস্থায় মোদীর বিভিন্ন দেশ সফরের খরচ কে জুগিয়েছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সম্প্রতি আরএসএসের শীর্ষ নেতা দত্তাত্রেয় হোসবলে আমেরিকা, ব্রিটেন, জার্মানি সফরে গিয়েছিলেন। হোসবলের মতো প্রচারক কী ভাবে সেই সফরের জন্য অর্থ পেয়েছিলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এখানেই না থেমে আরএসএসের দিল্লির দফতর পাঁচতারা ভবনের মতো হয় কী করে তা নিয়েও প্রশ্ন করেন কার্তি। তাঁর প্রশ্ন, ‘‘সংস্থা হিসেবে আরএসএস কবে থেকে আয়কর দেবে কিংবা কত তারা অনুদান পায়, তা কবে প্রকাশ্যে আনতে চলেছেন হোসবলেরা?’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Congress Kiren Rijiju

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy