Advertisement
E-Paper

কড়া পদক্ষেপ যোগীর, সম্পত্তির হিসাব না দেওয়ায় ৬৮ হাজার সরকারি কর্মীর বেতন স্থগিত, দেওয়া হল সতর্কবার্তাও

৬৮ হাজার ২৩৬ জন সরকারি কর্মী মানব সম্পদ পোর্টালে তাঁদের সম্পত্তির তথ্য দেননি। তার মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, রাজস্ব এবং সমাজকল্যাণ-সহ বেশ কয়েকটি বিভাগের কর্মী রয়েছেন। তাঁদের বেতন আটকে দেওয়া হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৮
সরকারি কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ যোগী আদিত্যনাথের। ফাইল চিত্র।

সরকারি কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ যোগী আদিত্যনাথের। ফাইল চিত্র।

ব্যক্তিগত সম্পত্তির হিসাব না দেওয়ায় হাজার হাজার সরকারি কর্মীর বেতন আটকে দিল উত্তরপ্রদেশ সরকার। রাজ্যের মানবসম্পদ পোর্টালে সরকারি কর্মীদের স্থাবর এবং অস্থাবর সম্পত্তির হিসাব আপলোড করতে নির্দেশ দেওয়া হয়েছিল সমস্ত সরকারি কর্মীকে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও অনেক কর্মী সেই সম্পত্তির হিসাব দেননি বলে সূত্রের খবর। আর তার পরই এই পদক্ষেপ করল যোগী আদিত্যনাথের সরকার।

সূত্রের খবর, ৬৮ হাজার ২৩৬ জন সরকারি কর্মী মানবসম্পদ পোর্টালে তাঁদের সম্পত্তির তথ্য দেননি। ফলে তাঁদের বেতন সাময়িক ভাবে আটকে দেওয়া হয়েছে। একই সঙ্গে বার্তা দেওয়া হয়েছে, যত দিন না সম্পত্তির তথ্য দেবেন ওই কর্মীরা, তত দিন বেতন বন্ধ রাখা হবে। মুখ্যসচির এসপি গয়াল এক নির্দেশিকা জারি করে জানিয়েছিলেন,৩১ জানুয়ারির মধ্যে রাজ্যের সব সরকারি কর্মীকে সম্পত্তির তথ্য আপলোড করতে হবে। কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরেও সেই তথ্য না দেওয়ায় ৬৮ হাজারেরও বেশি সরকারি কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ করল সরকার।

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, সব বিভাগের কর্মীদেরই তথ্য আপলোড করতে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু নির্ধারিত সময়ে যাঁরা সেই তথ্য দেননি তার মধ্যে রয়েছেন তৃতীয় শ্রেণির ৩৪ হাজার ৯২৬ জন কর্মী, চতুর্থ শ্রেণির ২২ হাজার ৬২৪ জন, দ্বিতীয় শ্রেণির ৭ হাজার ২০৪ জন এবং প্রথম শ্রেণির ২ হাজার ৬২৮ জন কর্মী। কোন কোন বিভাগের কর্মীরা এই তথ্য দেননি তা-ও উল্লেখ করা হয়েছে। তার মধ্যে রয়েছে, রাজস্ব, শিক্ষা, স্বাস্থ্য, সমাজকল্যাণ-সহ বেশ কয়েকটি বিভাগ। প্রশাসনের যুক্তি, কর্মীদের মধ্যে দুর্নীতি রুখতে এবং তাঁদের কাজের দক্ষতা বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের তরফে এটাও স্পষ্ট করা হয়েছে যে, শুধু বেতন বন্ধ করে দেওয়ার মধ্যেই এই পদক্ষেপ সীমিত থাকবে না। যদি কর্মীরা দ্রুত সেই তথ্য আপলোড না করেন, তা হলে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে।

Govt Employee Uttar Pradesh Assets
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy