Advertisement
E-Paper

মোদীর সঙ্গে ফের ফোনে কথা ট্রাম্পের! সমাজমাধ্যমে জোড়া ছবি পোস্ট করে কী বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট

সোমবার রাতে সার্জিও যে ছবি পোস্ট করেন, সেটি ট্রাম্পের ভারত সফরের সময়কার। ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট যখন ভারতে আসেন, তখন দিল্লির হয়দরাবাদ হাউসে মোদীর সঙ্গে তাঁর তোলা ছবিটি দিয়ে সার্জিও ফোনালাপের বিষয়টি জানান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৯
US President Donald Trump speaks to PM Narendra Modi, says US ambassador Sergio Gor

(বাঁ দিকে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। — ফাইল চিত্র।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! সোমবার রাতে (ভারতীয় সময়) সমাজমাধ্যমে পোস্ট করে এমনই জানালেন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। এক্স হ্যান্ডলে তিনি ট্রাম্প এবং মোদীর একটি ছবিও পোস্ট করেন। ফোনালাপের বিষয়টির সঙ্গে জুড়ে দেন মাত্র দু’টি শব্দ।

সোমবার রাতে সার্জিও যে ছবি পোস্ট করেন, সেটি ট্রাম্পের ভারত সফরের সময়কার। ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট যখন ভারতে আসেন, তখন দিল্লির হায়দরাবাদ হাউসে মোদীর সঙ্গে তাঁর তোলা ছবিটি দিয়ে সার্জিও ফোনালাপের বিষয়টি জানান। ফোনে দুই রাষ্ট্রনেতার মধ্যে কী নিয়ে কথা হয়েছে, তা খোলসা করেননি মার্কিন রাষ্ট্রদূত। তিনি শুধু লেখেন, ‘নজর রাখুন’! অনেকের মতে, আলোচ্য বিষয় নিয়ে পরে ট্রাম্পই হয়তো মুখ খুলবেন। নতুন কোনও দাবিও সামনে আনতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।

শুধু ফোনালাপ নয়, ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে প্রায় পর পর দু’টি ছবি পোস্ট করেন। প্রথম ছবিটি ‘ইন্ডিয়া টুডে’ ম্যাগাজ়িনের প্রচ্ছদ। সেই প্রচ্ছদে রয়েছে মোদী-ট্রাম্পের ছবি। তার পরেই আরও একটি ছবি পোস্ট করেন ট্রাম্প। সেই পোস্টে দিল্লির ইন্ডিয়া গেটের ছবি দেন। লেখেন, ‘‘সুন্দর স্থাপত্য। আমাদের স্থাপত্য হবে সর্বশ্রেষ্ঠ।’’ এখানে ‘আমাদের’ বলতে ট্রাম্প কাকে বা কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট নয়। তবে অনেকের মতে, মার্কিন প্রেসিডেন্ট ভারত-আমেরিকার সম্পর্কের দিকে ইঙ্গিত করেছেন!

২০২৫ সালে দু’টি কারণে ভারতের উপর পর পর দু’বার শুল্ক আরোপ করে আমেরিকা। প্রথমে ভেনেজ়ুয়েলার খনিজ তেল কেনার কারণে ভারত-সহ একাধিক দেশের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। পরে রাশিয়ার জন্য ভারতের উপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়। ফলে আমেরিকায় ভারতীয় পণ্যের উপর শুল্কের পরিমাণ দাঁড়ায় ৫০ শতাংশ। চড়া শুল্কের কারণে দীর্ঘ দিন ধরে ভারত-মার্কিন বাণিজ্যিক লেনদেন তলানিতে। শুল্ক চাপানোর পর থেকেই দু’দেশের সম্পর্কে টানাপড়েন শুরু হয়। তার মধ্যে দু’দেশের বাণিজ্যচুক্তি এখনও চূড়ান্ত হয়নি। বার বার আলোচনা হলেও তা বাস্তবায়িত হয়নি। তার মধ্যেই ট্রাম্পের সঙ্গে মোদীর ফোনালাপ এবং জোড়া ছবি পোস্ট খুবই তাৎপর্যপূর্ণ বলে মত অনেকের।

India-US Relationship Donald Trump Narendra Modi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy