উত্তরপ্রদেশের পরিবেশের কথা বলতে গিয়ে দিল্লির তুলনা টানলেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কথায়, দিল্লির পরিস্থিতি একটি ‘গ্যাস চেম্বার’-এর মতো। দিল্লির বাতাসের গুণমান নিয়েই এই মন্তব্য করেন তিনি।
শনিবার গোরক্ষপুরে একটি বিডিও অফিসের উদ্বোধনে বক্তৃতা করছিলেন তিনি। সেখানে উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পরিবেশ দূষণ রোধ — দু’টি বিষয়কেই সমান ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। পরিবেশ দূষণ যে আজকের দিনে গোটা বিশ্বে একটি বড় চ্যালেঞ্জ, তা-ও জানান আদিত্যনাথ। তিনি বলেন, “এখানকার পরিবেশ বেশ ভাল। কোনও দূষণ নেই। দূষণ না থাকায় রোগও কম হয়। দূষণ থেকে ফুসফুসের ক্ষতি হয়। অক্সিজেন সরবরাহে বিঘ্ন ঘটলে পুরো শরীর ক্ষতিগ্রস্ত হয়।”
যদিও ‘দূষণমুক্ত’ পরিবেশ বলতে তিনি শুধু গোরক্ষপুরের কথা বলতে চেয়েছেন, না কি গোটা উত্তরপ্রদেশের কথা, তা স্পষ্ট নয়। নিজের রাজ্যের পরিবেশের কথা বলতে গিয়ে দিল্লির বাতাসের গুণমানের কথাও টানেন আদিত্যনাথ। তিনি বলেন, “দিল্লির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন? ওটা একটা গ্যাস চেম্বারের মতো মনে হয়। পরিস্থিতি উদ্বেগজনক, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, চোখ জ্বালা করে। শিশু, বয়স্ক এবং যাঁদের হাঁপানি রয়েছে, তাঁদের বাড়িতেই থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। এ কেমন জীবন?”
আরও পড়ুন:
দিল্লির পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়ে উত্তরপ্রদেশবাসীকেও সতর্ক করে দেন আদিত্যনাথ। পরিবেশগত যে কোনও ধরনের বিপত্তি উত্তরপ্রদেশেও যে একই রকম পরিস্থিতি তৈরি করতে পারে, তা স্মরণ করিয়ে দেন তিনি। আদিত্যনাথ বলেন, “আমরা ভাগ্যবান যে এখানে শ্বাসরুদ্ধকর পরিবেশ ছাড়াই উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে।” উত্তরপ্রদেশের পরিবেশ রক্ষায় আগামী দিনের পরিকল্পনা বোঝাতে গিয়ে গোরক্ষপুরের ক্যাম্পিয়ারগঞ্জে বনসংরক্ষণবিদ্যার জন্য প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কথাও উল্লেখ করেন তিনি। আদিত্যনাথের কথায়, এই বিশ্ববিদ্যালয় আগামী দিনে বনভূমি বৃদ্ধি এবং পরিবেশগত অন্য চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করবে।