রাস্তার ধারে ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলেন কয়েক জন। হঠাৎ ফুচকার গাড়ির উপর উঠে পড়ল সবুজ রঙের একটি সাপ। সাপ দেখে ফুচকা খাওয়া মাথায় উঠল গ্রাহকদের। কেউ কেউ আবার ফোন বার করে এই ঘটনাটির ভিডিয়ো তুলতে শুরু করলেন। বহু ক্ষণের চেষ্টায় সাপটিকে উদ্ধার করা হয়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন:
‘এবিপি নিউজ়’-এর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রাস্তার ধারের ফুচকার দোকানে উঠে পড়েছে একটি সাপ। টকজলের পাত্রের চারদিকে ঘুরে বেড়াচ্ছে সাপটি। স্থানীয় এক বাসিন্দা জলের বোতল নিয়ে সাপটিকে বন্দি করার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হন। দেরি না করে উদ্ধারকর্মীকে খবর পাঠানো হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন এক তরুণ।
সাপের লেজ ধরে জল ভরার বড় পাত্রে ভরে দেন তিনি। এই ঘটনাটি মহারাষ্ট্রের পালঘর জেলার ভিরার এলাকায় ঘটেছে। ভিডিয়োটি দেখে বিতর্ক শুরু হয়েছে নেটপাড়ায়। খাদ্যের গুণমান নিয়ে উদ্বেগ প্রকাশ করে এক নেটাগরিক লিখেছেন, ‘‘এমন খোলামেলা জায়গায় ফুচকা বিক্রি করা সত্যিই খুব অস্বাস্থ্যকর। সাপটিকে উদ্ধার করার পর তো সেখান থেকেই অনেকে ফুচকা খেয়েছেন। এই ঘটনাটি একেবারেই আশাপ্রদ নয়।’’ আবার এক জন মজা করে লিখেছেন, ‘‘সাপটি মনে হয় ফুচকা খেতে ভালবাসে। তাই দোকানে উঠে পড়েছিল।’’