Advertisement
E-Paper

আপৎকালীন চিকিৎসা করছেন মদ্যপ চিকিৎসক, রোগী না দেখেই লিখলেন প্রেসক্রিপশন! হাসপাতালের ভিডিয়ো ভাইরাল

হাসপাতালের অন্য কর্মীদের অভিযোগ, মাঝেমধ্যেই মদ খেয়ে রোগী দেখতে চলে আসেন চিকিৎসক। সঙ্গে সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে খবর পাঠানো হয়। শো কজ় নোটিস পাঠিয়ে চিকিৎসককে সাত দিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সোজা বসে থাকতে পারছেন না। চোখ ঢুলু ঢুলু। কথাও জড়িয়ে যাচ্ছে। এমন অবস্থায় হাসপাতালে রোগী দেখতে বসেছেন চিকিৎসক। কিন্তু কে যে রোগী তা-ই ঠাহর করতে পারছেন না। মনের সুখে প্রেসক্রিপশন লিখে দিলেন। রোগীর পরিবার সন্দেহ প্রকাশ করলে গোসা হয়ে যায় চিকিৎসকের। রাগে সেই প্রেসক্রিপশন ছিঁড়ে ফেলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘দ্য তত্ত্ব’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মদ্যপ এক চিকিৎসক প্রেসক্রিপশন লিখছেন। রোগীর পরিবারের সদস্যেরা তাঁকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন। তাঁদের মধ্যে কার চিকিৎসার প্রয়োজন, তা প্রশ্ন করলে রেগে যান চিকিৎসক। প্রেসক্রিপশন ছিঁড়ে ফেলেন তিনি। এই ঘটনাটি সোমবার মধ্যপ্রদেশের গুণা জেলার এক হাসপাতালে ঘটেছে। জানা গিয়েছে, সেই চিকিৎসকের নাম অজয় সিংহ রাঠৌর।

হাসপাতালে আপৎকালীন চিকিৎসায় রত ছিলেন তিনি। সেই সময় শ্বাসকষ্টের সমস্যা নিয়ে লাল্লু সিংহ নামের এক ব্যক্তি অজয়কে দেখাতে যান। কিন্তু অজয়কে দেখে লাল্লু এবং তাঁর পরিবারের সদস্যেরা বুঝতে পারেন যে, তিনি মদ পান করে রয়েছেন। মদের নেশায় প্রেসক্রিপশনও লিখে ফেলেছিলেন অজয়।

রোগীর অভিযোগ, অজয়কে পাল্টা প্রশ্ন করা হলে তিনি প্রেসক্রিপশন ছিঁড়ে ফেলেন। হাসপাতালের অন্য কর্মীদের অভিযোগ, মাঝেমধ্যেই মদ খেয়ে রোগী দেখতে চলে আসেন তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে খবর পাঠানো হয়। শো কজ় নোটিস পাঠিয়ে চিকিৎসককে সাত দিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, তদন্তে দোষী সাব্যস্ত হলে চিকিৎসকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

Viral Video Madhya Pradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy