ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে এ বার প্রশ্ন তুললেন যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার এক সদস্য! নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীর এক বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা উত্তরপ্রদেশের প্রতিমন্ত্রী রবীন্দ্র জয়সওয়াল অভিযোগ করেন, তাঁর নির্বাচনী কেন্দ্রে একাধিক ভোটকেন্দ্রে বেশ কয়েক জন একই ভোটারের নাম নথিভুক্ত করা রয়েছে! তাঁর প্রশ্ন, যদি একই ভোটারের নাম একাধিক বুথের ভোটার তালিকায় থেকে যায়, তবে এসআইআর করে লাভ কী?
শনিবার নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসী উত্তর বিধানসভা ঘুরে দেখার পর জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও) সত্যেন্দ্র কুমারের সঙ্গে দেখা করেন রবীন্দ্র। জেলাশাসকের হাতে ৯,২০০ জন ভোটারের একটি তালিকা তুলে দেন তিনি। তাঁর অভিযোগ, ‘‘আমরা ৯,২০০টি নাম খুঁজে পেয়েছি, যাঁদের নাম একাধিক স্থানে ভোটার তালিকায় নিবন্ধিত রয়েছে।’’ যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন রবীন্দ্র। তাঁর দাবি, ‘‘আমরা প্রতিটি ভোটারের নাম ব্যক্তিগত ভাবে যাচাই করার পরই ওই তালিকা তৈরি করেছি।’’
সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিয়োয় বারাণসী উত্তরের বিধায়ককে বলতে শোনা যায়, ‘‘আমি বিশ্বাস করি যে ভারতের প্রতিটি ব্যক্তির নাম শুধুমাত্র একটি স্থানের ভোটার তালিকায় থাকা উচিত। যদি একাধিক স্থানে একই ব্যক্তির নাম থাকে, তবে এসআইআর করে কী লাভ? এসআইআরের উদ্দেশ্যই ভোটার তালিকা পুঙ্খানুপুঙ্খ এবং গভীর ভাবে যাচাই করা। তবে তার পরেও আমরা শুধুমাত্র আমার বিধানসভাতেই ন’হাজারের বেশি এমন নাম খুঁজে পেয়েছি।’’
আরও পড়ুন:
তিন দফায় সময়সীমা বৃদ্ধির পরে গত ৬ জানুয়ারি উত্তরপ্রদেশে এসআইআর-পর্বের প্রথম ধাপের শেষে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়। এনুমারেশন ফর্ম জমা ও যাচাই পর্বের পরে যোগীর রাজ্যে খসড়া তালিকায় নাম বাদ গিয়েছে প্রায় ২ কোটি ৮৯ লক্ষ ভোটারের।