Advertisement
E-Paper

কবে দেশে ফিরব, তা বলতে পারছি না! বম্বে হাই কোর্টে জানালেন পলাতক শিল্পপতি বিজয় মাল্য

বিজয় মাল্য বর্তমানে রয়েছেন ব্রিটেনে। বুধবার বম্বে হাই কোর্টে পলাতক শিল্পপতির হয়ে উপস্থিত ছিলেন তাঁর আইনজীবী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৪
পলাতক শিল্পপতি বিজয় মাল্য।

পলাতক শিল্পপতি বিজয় মাল্য। —ফাইল চিত্র।

দেশে কবে ফিরতে পারবেন, তা নির্দিষ্ট ভাবে বলা সম্ভব নয়। আদালতে এমনটাই জানালেন করলেন পলাতক শিল্পপতি বিজয় মাল্য। ‘কিংফিশার’-এর প্রাক্তন কর্ণধার বর্তমানে ব্রিটেনের লন্ডনে রয়েছেন। বুধবার বম্বে হাই কোর্টের এক মামলায় আইনজীবী মারফত তিনি জানান, বর্তমানে তাঁর ইংল্যান্ড এবং ওয়েল্‌স ছেড়ে বেরোনোর অনুমতি নেই। তাই কবে ভারতে ফিরতে পারবেন, তা-ও বলা সম্ভব নয়।

মাল্যের বিরুদ্ধে পলাতক অর্থনৈতিক অপরাধী আইন-এর আওতায় মামলা চলছে। ওই মামলার বৈধতাকে চ্যালেঞ্জ করে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন শিল্পপতি। হাই কোর্টের প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর এবং বিচারপতি গৌতম অঙ্খড়ের বেঞ্চে মামলাটি চলেছে। আদালত জানায়, মাল্য যদি চান যে তাঁর আবেদনটি বিবেচনা করে দেখা হোক, তবে তাঁকে দেশে ফিরে আসতে হবে।

আদালতের ওই মন্তব্যের প্রেক্ষিতে বুধবার মাল্যের আইনজীবী জানান, তাঁর মক্কেল বর্তমানে দেশে ফেরার পরিস্থিতিতে নেই। পলাতক শিল্পপতির একটি লিখিত বক্তব্য তিনি এজলাসে পাঠ করেন। সেখানে মাল্য ভারতে ফিরতে না পারার কারণ হিসাবে আদালতে জানানো হয়, ২০১৬ সালে তাঁর ভারতীয় পাসপোর্ট বাতিল করে দেয় সরকার। ফলে তাঁর কাছে এখন কোনও ভারতীয় পাসপোর্ট নেই। তা ছাড়া ব্রিটিশ আদালতও তাঁর দেশত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

মাল্যের আইনজীবী বলেন, “ইংল্যান্ড এবং ওয়েলস ছেড়ে যাওয়া বা ছাড়ার চেষ্টা করার কোনও অনুমতি নেই তাঁর (মাল্যের)। অন্য দেশে সফরের জন্য প্রয়োজনীয় নথির আবেদন করার বা নিজের কাছে রাখারও অনুমতি নেই। ফলে মাল্য কবে ভারতে ফিরবেন, তা নির্দিষ্ট ভাবে বলা যাচ্ছে না।” মাল্যের আইনজীবী সওয়াল করেন, পলাতক অর্থনৈতিক অপরাধী আইনের মামলাকে চ্যালেঞ্জ করার জন্য তাঁর মক্কেলের সশরীরে উপস্থিত থাকার প্রয়োজন নেই। পাশাপাশি, তাঁর মক্কেলকে নিম্ন আদালত যে পলাতক ঘোষণা করেছে, সেই নির্দেশকেও চ্যালেঞ্জ করে একটি মামলা দায়ের করেছেন আইনজীবী। এই মামলায় কেন্দ্রকে নিজেদের বক্তব্য জানানোর জন্য বলেছে বম্বে হাই কোর্ট। মার্চের দ্বিতীয় সপ্তাহে ফের এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

Vijay Mallya Bombay High Court
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy