Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_03-05-26

যুব সমাজের স্বপ্নের বাজেট, কৃষি, শিক্ষা, মহিলাদের উন্নয়নে কী কী পদক্ষেপ? নির্মলার ভূয়সী প্রশংসা করে বোঝালেন মোদী

নির্মলার বাজেটকে যুব সমাজের ‘স্বপ্নের বাজেট’ বলে উল্লেখ করেছেন মোদী। জানিয়েছেন, এটা ১৪০ কোটি ভারতবাসীর আকাঙ্ক্ষার প্রতিফলন। দেশবাসীর স্বার্থে বাজেটে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৬
বাজেটের পর ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার।

বাজেটের পর ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার। ছবি: সংগৃহীত।

রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যে বাজেট ঘোষণা করেছেন, তার ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বাজেটকে দেশের যুব সমাজের ‘স্বপ্নের বাজেট’ বলে উল্লেখ করেছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন, মহিলাদের উন্নয়নের স্বার্থে, কৃষি ও শিক্ষার স্বার্থে এই বাজেটে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে ভারত যে বাণিজ্যচুক্তি করছে, দেশের যুবসমাজ যাতে তার সুবিধা পেতে পারে, সে কথা মাথায় রেখেই বাজেট প্রস্তুত করা হয়েছে।

নির্মলা বাজেট পেশ করার পরেই সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন মোদী। লিখেছেন, ‘‘১৪০ কোটি ভারতবাসীর আকাঙ্ক্ষার প্রতিফলন এই বাজেট। দেশের সংস্কারযাত্রা এতে আরও শক্তিশালী হল। বিকশিত ভারতের রোডম্যাপ আরও স্পষ্ট হল।’’ এর পর জনগণের উদ্দেশে ভাষণে মোদী বাজেটের উন্নয়নমূলক দিকগুলি ব্যাখ্যা করেছেন। বলেছেন, ‘‘সেমিকন্ডাক্টর, বায়ো ফার্মার মতো নতুন নতুন শিল্পকে এই বাজেট যে ভাবে সমর্থন করেছে, তা অভূতপূর্ব। ভারতের বাণিজ্যচুক্তির সুবিধা যাতে দেশের যুবসমাজ পায়, তা নিশ্চিত করেছে বাজেট। নির্মলাজিকে ধন্যবাদ।’’

বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামোকে আরও মজবুত করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় বাজেটে, জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘‘বাজেট আমাদের শিল্পকে লোকাল (স্থানীয়) থেকে গ্লোবাল (বৈশ্বিক) হওয়ার সুযোগ করে দিচ্ছে। এতে বিকাশের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। বাজেটের সমস্ত পদক্ষেপ আসলে বিকশিত ভারতের গতিকেই আরও বাড়িয়ে দেবে।’’ মোদী আরও বলেন, ‘‘যে কোনও দেশের সবচেয়ে বড় পুঁজি তার নাগরিকেরা। আমাদের এই সরকার সবসময় নাগরিকদের সামর্থ্য বৃদ্ধির জন্য উদ্যোগী হয়েছে। এটা যুবশক্তির বাজেট। এখানে যুবদের স্বপ্ন, সঙ্কল্প এবং গতি রয়েছে। এর মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে আলাদা আলাদা নেতৃত্ব, আলাদা আলাদা সৃষ্টি গড়ে উঠবে। দেশের যুবদের প্রতি আমার অভিনন্দন রইল। এর থেকে বেকারত্ব ঘুচবে।’’

প্রধানমন্ত্রীর মতে, ভারতকে বিশ্বের ডেটা সেন্টার হাব হিসাবে গড়ে তোলার জন্য বাজেটে কর ছাড়ের ঘোষণা করা হয়েছে। সঙ্গে পর্যটন শিল্পের কথাও চিন্তা করা হয়েছে এই বাজেটে। বিশেষত বাজেটে উত্তর-পূর্ব ভারতের পর্যটনের উন্নয়নের জন্য আলাদা করে নির্মলার প্রশংসা করেছেন মোদী। মহিলাদের উন্নয়নেও জোর দেওয়া হয়েছে। মোদীর কথায়, ‘‘আমাদের দেশের ১০ কোটির বেশি মহিলা এখন স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত। তাঁদের জন্য একটা আধুনিক ইকোসিস্টেম কী ভাবে বানানো যায়, বাজেটে তার ভাবনা রয়েছে। আমরা চাই, দেশের প্রতি ঘরে লক্ষ্মী আসুন।’’ নির্মলার এই বাজেটের মাধ্যমে শিক্ষাও আগের চেয়ে সুলভ হবে বলে মনে করছেন প্রধানমন্ত্রী।

কৃষিক্ষেত্রে বাজেটের প্রতিফলন নিয়ে মোদী বলেছেন, ‘‘আমাদের সরকার সবসময় দেশের কৃষক সমাজ, মৎস্যজীবী এবং দুগ্ধজাত পণ্যের শিল্পীকে অগ্রাধিকার দিয়ে এসেছে। এই বাজেটেও নারকেল, কাজু, কোকো চাষের সঙ্গে যুক্ত কৃষকদের কথা আলাদা করে ভাবা হয়েছে। এআই টুল ব্যবহার করে কৃষকেরা নিজেদের কাজ আরও সহজ করে নিতে পারবেন।’’ রবিবারের বাজেটকে ‘উচ্চাকাঙ্ক্ষী’ এবং ‘সংবেদনশীল’ বলে উল্লেখ করে নির্মলা এবং তাঁর দলকে অভিনন্দন জানিয়েছেন মোদী।

সংক্ষেপে
  • ১ এপ্রিল থেকে চালু হতে চলেছে নতুন আয়কর আইন। বাজেট পেশের সময় জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা জানালেন, নতুন আয়কর আইনে ৩১ জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে।
  • কৃত্রিম বুদ্ধিমত্তা-সহ অত্যাধুনিক প্রযুক্তি চাকরির উপর কতটা প্রভাব ফেলছে, তার মূল্যায়ন করতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি তৈরি করা হচ্ছে। বাজেটে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
  • নির্মলা জানিয়েছেন, তিনটি ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ’ তৈরি হবে দেশে। সারা দেশে ১৬ হাজার নতুন সেকেন্ডারি স্কুল তৈরি হবে। প্রতি জেলায় তৈরি হবে একটি করে মহিলাদের হস্টেল।
Narendra Modi Nirmala Sitharaman
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy