Advertisement
E-Paper

বাণিজ্যচুক্তি স্বাক্ষর করার আগে ভারত এবং আমেরিকার চূড়ান্ত কথাবার্তা চলছে! কী কী বিষয়ে শেষ হয়নি সমঝোতার প্রক্রিয়া

আগেই ভারত এবং আমেরিকা যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছিল, সমস্ত মার্কিন শিল্পপণ্য এবং একাধিক খাদ্য ও কৃষিপণ্যের উপর থেকে ভারত হয় শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করে নেবে, নয়তো তার পরিমাণ কমাবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩১
(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)।

(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।

বাণিজ্যচুক্তি স্বাক্ষরের আগে বেশ কয়েকটি বিষয় নিয়ে চড়ান্ত কথাবার্তা চালিয়ে যাচ্ছে ভারত এবং আমেরিকা। অন্তত এমন চারটি বিষয়ের কথা উল্লেখ করে করল হোয়াইট হাউস। তাদের ‘ফ্যাক্ট শিট’ উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিষেবা ও বিনিয়োগ, শ্রম, সরকারি ক্রয়-সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন দুই দেশের আধিকারিকেরা।

গত সপ্তাহেই অন্তর্বর্তী বাণিজ্য-সমঝোতায় সম্মত হয়েছে ভারত এবং আমেরিকা। ‘ফ্যাক্ট শিট’-এ বলা হয়েছে, ‘পারস্পরিক লাভজনক দ্বিপাক্ষিক বাণিজ্য-সমঝোতা’ শেষ করার লক্ষ্যে অন্তর্বর্তী সমঝোতা চূড়ান্ত করতে কাজ করছে ভারত এবং আমেরিকা।

আগেই ভারত এবং আমেরিকা যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছিল, সমস্ত মার্কিন শিল্পপণ্য এবং একাধিক খাদ্য ও কৃষিপণ্যের উপর থেকে ভারত হয় শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করে নেবে, নয়তো তার পরিমাণ কমাবে। এই তালিকায় রয়েছে শুকনো খাদ্যশস্য, পশুখাদ্যের লাল জোয়ার, বাদাম, তাজা ফল, সয়াবিন তেল, ওয়াইন ইত্যাদি। ওই বিবৃতিতে এ-ও বলা হয়েছিল যে, আমেরিকার কাছ থেকে আগামী পাঁচ বছরে ৫০ হাজার কোটি ডলারের (ভারতীয় মুদ্রায় ৪৫ লক্ষ কোটি টাকার বেশি) পণ্য আমদানি করতে সম্মত হয়েছে নয়াদিল্লি।

আমেরিকা থেকে ভারত কী কী পণ্য কিনবে, তা-ও উল্লেখ করা হয়েছে হোয়াইট হাউসের ‘ফ্যাক্ট শিট’-এ। বলা হয়েছে, ভারত আমেরিকা থেকে শক্তি, তথ্যপ্রযুক্তি, কৃষিপণ্য, কয়লা এবং অন্যান্য জিনিস আমদানি করবে। ‘ফ্যাক্ট শিট’-এ এ-ও বলা হয়েছে যে, ভারত-মার্কিন বাণিজ্য-সমঝোতায় আমেরিকার নাগরিকদের স্বার্থ সুরক্ষিত থাকবে।

Donald Trump US Trade Deal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy