Advertisement
E-Paper

ছেলেকে খুন করেছিলেন প্রাক্তন প্রেমিক! প্রতিশোধ নিতে বাড়িতে ডেকে খুন করলেন মা

২০২১ সালের ডিসেম্বরে ভাই হুসেনের সাহায্যে ছেলেকে খুনে প্রধান অভিযুক্ত কাসমকে খুন করেন জান। তার পরেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন জান।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৩ ১৭:৫০
image of dead body

ছবি: প্রতিনিধিত্বমূলক।

দেড় বছর আগে ছেলেকে খুন করেছিলেন প্রাক্তন প্রেমিক! বদলা নিতে সেই প্রাক্তন প্রেমিককেই খুনের অভিযোগ মহিলার বিরুদ্ধে। অন্ধ্রপ্রদেশের পালনাড়ু জেলার ঘটনা। খুনের পর বুধবার সকালে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম জান বাই। তাঁর স্বামী শাব্বির ১৫ বছর আগে মারা গিয়েছেন। পালনাড়ু জেলার নারাসারাওপেটে দুই ছেলেকে নিয়ে থাকতেন তিনি। সংসার চালানোর জন্য শ্রমিকের কাজ করতেন। স্থানীয় এক গুন্ডা শেখ বাজি (৩৬)-র সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল জানের। প্রায়ই তাঁর বাড়িতে আসতেন বাজি। বড় ছেলে মায়ের সঙ্গে বাজির সম্পর্কের কথা জানতে পেরে তাঁকে বাড়িতে আসতে বারণ করে। তাতেই চটে যান বাজি। ২০২১ সালের অগস্টে জানের বড় ছেলের গলা কেটে বাজি খুন করেন বলে অভিযোগ। তাঁকে সাহায্য করেছিলেন তাঁর তিন বন্ধু।

২০২১ সালের ডিসেম্বরে ভাই হুসেনের সাহায্যে ছেলেকে খুনে প্রধান অভিযুক্ত কাসমকে খুন করেন জান। নারাসারাওপেটের সিনেমা হল জংশনে এই খুন হয়েছিল। তার পরেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন জান। গ্রেফতার হন তিনি। কয়েক মাস পর জামিনে মুক্তি পান। তার পরেই প্রাক্তন প্রেমিক বাজিকে খুনের পরিকল্পনা করেন। সে কথা জানতে পেরে গত প্রায় দেড় বছর ধরে আত্মগোপন করেন বাজি। বন্ধুদের মদতে বাজির ফোন নম্বর জোগার করেন জান। তাঁর সঙ্গে কথা বলে বিশ্বাস অর্জন করেন। জানান, অতীতের বিষয়ে তিনি সব ভুলে গিয়েছেন। বাজির সঙ্গে একত্রবাসের ইচ্ছা প্রকাশ করেন জান। নিজের বাড়িতেও ডাকেন।

গত মঙ্গলবার রাতে ভাইয়ের জন্মদিন উপলক্ষ্যে বাজিকে নিমন্ত্রণ জানান তিনি। সেখানে মদ্যপান করে বেহুঁশ হয়ে পড়েন বাজি। তার পরেই তাঁকে ছুরি দিয়ে খুন করেন জান, তাঁর ভাই হুসেন এবং হুসেনের দুই বন্ধু। এর পর দেহে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেন। গর্ত খুঁড়ে সেই অর্ধদগ্ধ দেহ পুঁতে ফেলেন চার জন। পরের দিন, বুধবার সকালে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন জান। পুলিশ তাঁকে হেফাজতে নিয়েছে। তাঁর বলা মতো জায়গায় গিয়ে দেহ উদ্ধার করেছেন সার্কল ইনস্পেক্টর ভক্তবৎসল রেড্ডি। বাজির স্ত্রী এবং এক মেয়ে, দুই ছেলে রয়েছেন।

Murder Ex lover Andhra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy