বিশ্বের বাজারে দাম বেড়েছে তেলের। তার সঙ্গে যোগ রেখে এ দেশেও পেট্রোল-ডিজেলের দাম বাড়ে বা কমে। ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে ভারতেও তেলের দাম বাড়ানো জরুরি ছিল। কিন্তু এখনই সেই পথে হাঁটছে না তারা। আগামী ১২ অক্টোবর থেকে বিহারের ভোট। লোকসভা ভোটের পর মোদী ম্যাজিক আদৌ কাজে আসে কি না, বিজেপির শক্তি পরীক্ষা হবে বিহারের ভোটেই। মনে করা হচ্ছে, আসন্ন ভোটের কথা মাথায় রেখে তাই আপাতত তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এমনিতেই গত চার মাসে এক বারও বাড়েনি পেট্রোল-ডিজেলের দাম। এ বার বদল জরুরি ছিল ঘোষণা করেও শেষ পর্যন্ত পিছু হটল তেল সংস্থাগুলি।