বাধ্যতামূলক ভাবে ভোটাধিকার শর্ত নাগরিকদের ওপর চাপিয়ে দেওয়া সঙ্গত হবে কি না, তা নিয়ে লোকসভায় আলোচনা হচ্ছিল। সেই বিতর্কেই পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূলের সন্ত্রাসের প্রসঙ্গ টেনে বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানালেন, ভোটে রাজ্যের শাসক দল কী ভাবে সন্ত্রাস করেছিল, তা গোটা দুনিয়া দেখেছে। মানুষকে ভয় দেখিয়ে ভোট দিতেই দেওয়া হয়নি। রাজ্য নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনও তাঁদের অধিকার সুনিশ্চিত করতে সাহায্য করেনি। উল্টে পুলিশ, প্রশাসন ও রাজ্য নির্বাচন কমিশন সরকারের কথায় কাজ করেছে। কংগ্রেস সাংসদের প্রশ্ন, ইচ্ছা থাকলেও যেখানে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না, সেখানে কী ভাবে বাধ্যতামূলক ভোটাধিকারের শর্ত চাপানো যাবে? অধীর যখন এই সব অভিযোগ আনেন, তখন লোকসভায় ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।