পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারাল এক মাওবাদী কম্যান্ডার। শুক্রবার ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের কোন্দাগাঁও জেলায়। পুলিশ জানিয়েছে, গুলির লড়াইয়ের শেষে জঙ্গলের ভিতর থেকে ইউনিফর্ম পরা ওই কম্যান্ডারের দেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার সকালে ছত্তীসগঢ়ের ওই এলাকায় মাওবাদী দমন অভিযানে নেমেছিল জেলা রিজার্ভ গ্রুপ। কেজাম গ্রামের কাছে একটি নির্দিষ্ট এলাকা ঘিরে রাখার সময় মাওবাদীদের মুখোমুখি হয় তারা। দু’পক্ষের মধ্যে শুরু হয়ে যায় গুলির লড়াই। তাতেই প্রাণ হারায় ওই কম্যান্ডার।