Advertisement
E-Paper

গরমে ফোনও অল্পেই গরম হয়ে যাচ্ছে! তাতে কী কী ক্ষতি হচ্ছে? কী ভাবেই বা তা আটকাবেন?

ওভারহিটিংয়ের ফলে ফোনের ব্যাটারির আয়ু কমে যেতে পারে, ফোন হ্যাং হতে পারে, এমনকি দৈনন্দিন অতিপ্রয়োজনীয় এই যন্ত্রটি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্তও হতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ১৬:২৩

ছবি: এআই সহায়তায় প্রণীত।

গরমে ঘেমে নেয়ে যেমন আপনার নাভিশ্বাস উঠছে, তেমনই ‌অলক্ষ্যে হা‌লত বিগড়োচ্ছে পকেটে বা হাতে থাকা স্মার্টফোনটিরও। পারিপার্শ্বিক চড়া তাপমাত্রার কারণে অল্প ব্যবহারেই অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে ফোনও। শুধু সেটুকুতেই থামলে নয় কথা ছিল। কিন্তু ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে তার থেকে আরও নানা ধরনের সমস্যা জন্ম নিতে পারে। ওভারহিটিংয়ের ফলে ফোনের ব্যাটারির আয়ু কমে যেতে পারে, ফোন হ্যাং হতে পারে, এমনকি দৈনন্দিন অতিপ্রয়োজনীয় এই যন্ত্রটি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্তও হতে পারে। কয়েকটি সহজ বিষয় মাথায় রাখলে এবং সাবধানে থাকলে সমস্যা দূরে রাখা সম্ভব।

১। তীব্র রোদের মধ্যে ফোন ব্যবহার করলে ফোন দ্রুত গরম হতে পারে। বদ্ধ গাড়িতে বা জানালার পাশে যেখানে সরাসরি রোদ আসে, সেখানে হাতে ধরে ফোন ব্যহার করলে ফোন দ্রুত গরম হতে পারে।

২।চার্জ হওয়ার সময় স্বাভাবিকভাবেই কিছুটা তপ্ত হয় ফোন। ব্যাক কভার বা ফোনের কেস লাগানো থাকলে তাপ বাইরে বের হতে পারে না। তাই চার্জ দেওয়ার সময় এবং দীর্ঘ ক্ষণ ফোন ব্যবহার করলে ফোনের কভারটি খুলে রাখাই বুদ্ধিমানের কাজ হবে।

৩। সিনেমা দেখতে দেখতে চার্জ শেষ। অথচ সিনেমা তখনও মাঝপথে। ফলে চার্জে দিয়েই দেখতে শুরু করলেন সিনেমা। তাতেই ফোনের ওভারহিটিংয়ের সমস্যা গেল বেড়ে। চার্জে থাকা অবস্থায় গেম খেলা, ভিডিও দেখা বা ব্রাউজিং করা বন্ধ করুন। এতে প্রসেসর ও ব্যাটারির ওপর দ্বিগুণ চাপ সৃষ্টি হয়, যা ফোনকে দ্রুত অত্যন্ত গরম করে তোলে।

৪। কাজ শেষ হলে মোবাইলের অ্যাপগুলি থেকে স্রেফ বেরিয়ে যাবেন না। সেগুলি সম্পূর্ণ বন্ধ হল কি না দেখুন। ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ একসঙ্গে চলতে থাকলে প্রসেসরের ওপর চাপ পড়ে। যা মোবাইলের ভাল ভাবে কাজ করার মেয়াদ কমিয়ে দেয়। এছাড়া প্রয়োজন না থাকলে ব্লুটুথ, জিপিএস, ওয়াই-ফাই এবং হটস্পটও বন্ধ রাখুন।

৫। অতিরিক্ত ব্রাইটনেস, ডে লাইট মোড ফোনের চার্জ যেমন দ্রুত শেষ করে, তেমনই অল্প সময় ফোন অন রেখে কাজ করলেই ফোনের তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই ফোনে দরকার ছাড়া ব্রাইটনেস কমিয়ে রাখুন বা দরকার হলে ‘অটো-ব্রাইটনেস’ মোডে রাখুন।

৬। ফোনের অপারেটিং সিস্টেম এবং অ্যাপগুলো নিয়মিত আপডেট করুন। অনেক সময় সফটওয়্যারের ত্রুটি বা নানা ধরণের বাগ-এর কারণেও প্রসেসরের ওপর বাড়তি চাপ পড়ে। ফোন গরম হয়ে যায়। ফোন আপডেট করলে তা ঠিক হয়ে যায়।

৭। ফোন যদি অতিরিক্ত গরম হয়ে যায়, তবে সেটি জোর করে ব্যবহার না করে কিছুক্ষণের জন্য ‘ফ্লাইট মোড’ অন করুন অথবা ফোনটি সম্পূর্ণ বন্ধ করে অপেক্ষাকৃত ঠান্ডা জায়গা বা ফ্যানের হাওয়ায় রাখুন। ২০ মিনিটের মধ্যেই ফোন ঠান্ডা হবে।

Smartphone Overheating Smartphone Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy