তল্লাশি, গ্রেফতারি বা অন্য সরকারি কাজে সাদা পোশাকে যেতে পারবেন না কলকাতা পুলিশকর্মীরা। উর্দি পরে দায়িত্ব পালন করতে হবে। এই নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ কমিশনারের দফতর। তবে যেখানে সাধারণ পোশাক পরে যাওয়ার প্রয়োজন রয়েছে, সেখানে তা করা যাবে। সে ক্ষেত্রে আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
কলকাতা পুলিশ কমিশনারের দফতরের তরফে ২৪ মে নির্দেশিকাটি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে, তল্লাশি অভিযান বা কাউকে গ্রেফতার করতে গেলে বা কোনও সরকারি কাজে গেলে পুলিশের উর্দি পরে যেতে হবে। সাদা বা সাধারণ পোশাকে যাওয়া চলবে না। যদি বিশেষ প্রয়োজনে যেতে হয়, তা হলে আগে থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমিত নিতে হবে। সে ক্ষেত্রে অভিযানের সময়ে যাতে চেনা যায়, তা নিশ্চিত করতে হবে। তবে পুলিশের বিশেষ শাখা, এনফোর্সমেন্ট শাখা, ডিটেকটিভ দফতর, স্পেশ্যাল টাস্ক ফোর্স, সাইবার বা অন্য ইউনিটের পুলিশকর্মীদের জন্য এই নির্দেশ প্রযোজ্য নয়।
আরও পড়ুন:
নির্দেশিকায় ডিকে বসু বনাম পশ্চিমবঙ্গের মামলায় (১৯৯৭) সুপ্রিম কোর্টের নির্দেশের কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে। ওই মামলায় রায়ে শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছিল, তল্লাশি অভিযান, কাউকে গ্রেফতার বা আটক করতে গেলে পুলিশের কী আচরণ করতে হবে।