Advertisement
E-Paper

ফেটে চৌচির হয়ে থাকে ঠোঁট? ঘিয়ের ছোঁয়ায় কোমল হতে পারে ওষ্ঠাধর, লিপ বাম তৈরির ৫ পন্থা

স্বাস্থ্যরক্ষার জন্য ঘিয়ের উপকারিতা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে বহু দিন আগে। তবে ঘিয়ের স্বাস্থ্যকর ফ্যাট যে রূপচর্চার জন্যও কার্যকর, সে তথ্য এখনও ঘরে ঘরে পৌঁছোয়নি। শুষ্ক ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে ঘিয়ের উপকারিতা জেনে নিলে রূপচর্চার রুটিনে যোগ করতে পারবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ১৩:০৭
ঘি দিয়ে ঠোঁটের ত্বকচর্চা।

ঘি দিয়ে ঠোঁটের ত্বকচর্চা। ছবি: সংগৃহীত।

চিকিৎসক থেকে পুষ্টিবিদ, তারকা থেকে সাধারণ মানুষ— ঘিয়ের প্রশংসায় পঞ্চমুখ সকলেই। দিনে অন্তত এক চামচ ঘি খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনও কোনও তারকার বাড়িতে তো তেল কেনাই বন্ধ হয়ে গিয়েছে। সব রান্না হয় ঘি-তে। স্বাস্থ্যরক্ষার জন্য ঘিয়ের উপকারিতা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে বহু দিন আগে। তবে ঘিয়ের স্বাস্থ্যকর ফ্যাট যে রূপচর্চার জন্যও কার্যকর, সে তথ্য এখনও ঘরে ঘরে পৌঁছোয়নি। শুষ্ক ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে ঘিয়ের উপকারিতা জেনে নিলে রূপচর্চার রুটিনে যোগ করতে পারবেন।

ঠোঁট ফাটা, শুষ্ক হয়ে যাওয়া বা খসখসে হয়ে যাওয়ার সমস্যা বর্ষা, শীত বা গরম— যে কোনও ঋতুতেই দেখা দিতে পারে। অনেকেই দামি লিপ বাম ব্যবহার করেন, আবার কেউ ভরসা রাখেন ঘরোয়া উপায়ে। সেই ঘরোয়া উপাদানগুলির অন্যতম হতে পারে ঘি। রান্নাঘরের এই পরিচিত উপকরণটি শুধু খাবারের স্বাদই বাড়ায় না, ঠোঁটের যত্নেও উপকারী হতে পারে। ঘিতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ও ময়েশ্চারাইজ়িং উপাদান ঠোঁটকে নরম রাখতে সাহায্য করে এবং শুষ্কতা কমাতে পারে।

আর তাই ঘিয়ের সঙ্গে কয়েকটি সহজলভ্য উপাদান মিশিয়ে ঘরেই তৈরি করা যায় নানা ধরনের লিপ বাম। নিজের পছন্দের উপকরণ বেছে বানিয়ে নিতে পারেন—

১. ঘি ও মধুর লিপ বাম

ছবি: এআই সহায়তায় তৈরি

যা যা প্রয়োজন

১ চা চামচ ঘি

আধ চা চামচ মধু

যে ভাবে বানাবেন

দু’টি উপকরণ ভাল করে মিশিয়ে নিন। রাতে শোয়ার আগে ঠোঁটে লাগান। মধু ও ঘিয়ের আর্দ্রতা ধারণের ক্ষমতা ঠোঁটকে নরম রাখতে সাহায্য করতে পারে। ঘিয়ে রয়েছে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন, যা ফাটা ঠোঁটের সমস্যা দূর করে। ঠোঁটকে নরম রাখতে সাহায্য করে। অন্য দিকে মধু প্রাকৃতিক ভাবে পরিবেশ থেকে আর্দ্রতা টেনে নিতে পারে।

২. ঘি ও নারকেল তেলের লিপ বাম

ছবি: এআই সহায়তায় তৈরি

যা যা প্রয়োজন

১ চা চামচ ঘি

১ চা চামচ নারকেল তেল

যে ভাবে বানাবেন

দু’টি উপাদান একসঙ্গে মিশিয়ে একটি পরিষ্কার পাত্রে ভরে রাখতে পারেন। শুষ্ক ও ফাটা ঠোঁট থেকে মুক্তি পেতে এই লিপ বাম ব্যবহার করতে পারেন। উপকার পাবেন। ঘি যেমন ত্বককে পুষ্টি দেয়, নারকেল তেলও শুষ্কতা দূর করতে সাহায্য করে।

৩. ঘি ও গোলাপের পাপড়ির লিপ বাম

ছবি: এআই সহায়তায় তৈরি

যা যা প্রয়োজন

১ টেবিল চামচ ঘি

৩টি তাজা গোলাপের পাপড়ি

যে ভাবে বানাবেন

গোলাপের পাপড়ি বেটে পেস্ট তৈরি করুন। ঘিয়ের সঙ্গে মিশিয়ে আধ ঘণ্টা রেখে দিন। তার পর ঠোঁটে মেখে রেখে দিন সারারাত। এই লিপ বামে ঠোঁট কোমল হতে পারে। ঘিয়ের গুণাবলির পাশাপাশি গোলাপের পাপড়িতে থাকা প্রাকৃতিক তেল ও রঞ্জক পদার্থ হাইপারপিগমেন্টেশন বা ঠোঁটের দাগছোপ কমায়।

৪. ঘি ও বিটের লিপ বাম

ছবি: এআই সহায়তায় তৈরি

যা যা প্রয়োজন

১ চা চামচ ঘি

আধ চা চামচ বিটের রস

যে ভাবে বানাবেন

ঘি ও বিটের রস মিশিয়ে ছোট পাত্রে ভরে রেখে দিন। প্রতি দিন রাতে এই মিশ্রণটি মেখে শুয়ে পড়ুন। চাইলে দিনেও ব্যবহার করা যেতে পারে। বিটের প্রাকৃতিক রং ঠোঁটে হালকা আভা আনতে পারে। ফলে আপনার সাজের সামগ্রীর অংশ হয়ে উঠতে পারে এটি। পাশাপাশি ঠোঁটের শুষ্কতা কমিয়ে নরম করে দিতে পারে ত্বক।

৫. ঘি ও ভিটামিন ই-র লিপ বাম

ছবি: এআই সহায়তায় তৈরি

যা যা প্রয়োজন

১ টেবিল চামচ ঘি

১টি ভিটামিন ই ক্যাপসুল

যে ভাবে বানাবেন

ঘিয়ের মধ্যে ক্যাপসুল ছিঁড়ে তার তেল মিশিয়ে একটি ছোট কৌটোয় ভরে রাখুন। প্রতি দিন রাতে ব্যবহার করলে ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করতে পারে। ত্বকের গভীরে গিয়ে ময়েশ্চারাইজ় করার ক্ষমতা রয়েছে এই দুই উপাদানেরই। ভিটামিন ই-র অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বকের কোষের ক্ষতি থেকেও রক্ষা করে।

Ghee Benefits Dry Lips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy