কখনও ঘামে, কখনও আবার বৃষ্টিতে ভিজে যাচ্ছে চুল। তাই বর্ষার মরসুমে প্রায় রোজই চুলে শ্যাম্পু করেন কেউ কেউ। তাতে মাথার ত্বক পরিষ্কার হলেও চুল রুক্ষ হয়ে উঠছে। তেল, কন্ডিশনার মেখেও কোনও লাভ হচ্ছে না। খুলে রাখলে জট পড়ছে। রোদে বেরোলে বুঝতে পারছেন চুলের ডগার দিকটা কেমন লালচে হয়ে যাচ্ছে। নানা জন নানা টোটকা বলেছেন। কেউ পরামর্শ দিচ্ছেন সালোঁয় গিয়ে চুলের নীচের দিকটা কেটে ফেলতে। কিন্তু চুল কেটে ফেলাই তো আর এই সমস্যার সমাধান হতে পারে না। তা হলে কী করবেন?
চুলের রুক্ষ ভাব দূর করতে ব্যবহার করতে পারেন একটি বিশেষ মাস্ক। প্রথমে চুল ভিজিয়ে নিন। তার পর একটি প্লাস্টিকের পাউচে বেশ খানিকটা কন্ডিশনার আর নারকেল তেল খুব ভাল করে মিশিয়ে নিন। এ বার চুল ডগার দিক থেকে সেই পাউচে ভরে নিয়ে নিন। চুলে যেন প্যাকটি ভাল ভাবে লেগে যায় তা নিশ্চিত করুন। এ বার চুল সমেত পাউচটি গুটিয়ে নিয়ে ক্ল্যাচের সাহায্যে আটকে নিন। মিনিট পনেরো পর জল দিয়ে ভাল করে চুল ধুয়ে নিন। চুল শুকিয়ে গেলেই লক্ষ করবেন চুল হয়েছে ফুরফুরে আর জেল্লাও বেড়েছে।
বর্ষায় কমবেশি সকলেরই চুল পড়ে। মরসুম বদলের সময়ে সেটা স্বাভাবিক। খুব বেশি দুশ্চিন্তা করবে না এই নিয়ে। কারণ দুশ্চিন্তা, মানসিক চাপ বা কোনও রকম উদ্বেগ থাকলে চুল পড়া বেড়ে যায়। নিয়মিত এই প্যাকটি ব্যবহার করলে চুল পড়ার সমস্যাও কমবে।