মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে চার ম্যাচ হেরে লড়াই থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান। বিপর্যয়ের মধ্যেই প্রকাশ্যে এসেছে পাকিস্তানের সাজঘরে অশান্তির খবর। মেন্টর ওয়াহাব রিয়াজ়ের সঙ্গে বিরোধ তৈরি হয়েছে অধিনায়ক ফতিমা সানার।
প্রথম একাদশ নির্বাচন নিয়ে রিয়াজ় এবং ফতিমার বিরোধ তুঙ্গে পৌঁছেছে। রিয়াজ় মেন্টর হলেও বেসরকারি ভাবে তিনিই দলের প্রধান কোচ। দল নির্বাচনে তিনি অধিনায়কের মতামতকে গুরুত্ব দিচ্ছেন না বলে অভিযোগ। বাংলাদেশ ম্যাচের আগে অশান্তি চরমে পৌঁছোয়। ঘটনার সূত্রপাত, দলের অন্যতম সদস্য আলিয়া রিয়াজ়ের স্বামী আলি ইউনিস দলের হোটেলে থাকা নিয়ে। আলিয়ার ঘরেই ছিলেন তাঁর স্বামী। যা পছন্দ হয়নি ফতিমার। অধিনায়ক প্রতিবাদ করেন। পাকিস্তান দলের সঙ্গে যুক্ত এক ব্যক্তি বলেছেন, ‘‘ফতিমার জেদের জন্যই ইউনিসকে ঘর ছাড়তে বলা হয়েছিল। তা ছাড়া বাংলাদেশ ম্যাচের আগের দিন দলের অনুশীলনে অনুপস্থিত ছিলেন আলিয়া। তিনি তাঁর স্বামীর সঙ্গে ঘুরতে চলে যান। তা নিয়েও ক্ষুব্ধ ছিলেন ফতিমা।’’
বিশৃঙ্খলার জন্য বাংলাদেশের বিরুদ্ধে আলিয়াকে প্রথম একাদশে রাখতে চাননি ফতিমা। কিন্তু অধিনায়কের দাবি মানেননি রিয়াজ়। সেই ম্যাচ পাকিস্তান হেরে যায়। আলিয়াও ব্যর্থ হন। ম্যাচের পর রিয়াজ়ের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন ফতিমা। সকলের সামনে হারের জন্য রিয়াজ়কে দায়ী করেন ফতিমা। দলের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির জন্যও মেন্টরকে অভিযুক্ত করেন অধিনায়ক।
আরও পড়ুন:
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই খবরের সত্যতা স্বীকার করেনি। আবার অস্বীকারও করেনি। পিসিবির সঙ্গে যুক্ত এক ব্যক্তি জানিয়েছেন, প্রতিযোগিতার শুরু থেকেই দলে একাধিক গোষ্ঠী তৈরি হয়। সাপোর্ট স্টাফ, ক্রিকেটার সকলেই জড়িত। বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় দলের মধ্যে একতা বলে প্রায় কিছুই ছিল না।