Advertisement
E-Paper

গরমেও তরতাজা দেখাতে সাজুন ‘ক্লিন গার্ল’ মেক আপে! কী ভাবে সাজতে হবে জেনে নিন

এ কালের নতুন ট্রেন্ড হল ‘ক্লিন গার্ল লুক’। বিশেষ করে গরমে ভারী মেকআপের চেয়ে এক বিশেষ ধরনের ভিজে ভাব আনা মেকআপেরই চাহিদা বাড়ছে। গরমে একই সঙ্গে সতেজ ও ট্রেন্ডি দেখাতে হলে তাই কয়েকটি বিষয় মাথায় রাখুন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ২১:০১

ছবি: সংগৃহীত।

বাইরে হয় অসহ্য গরম, নয় প্রবল আর্দ্রতা— ফলে রাস্তায় বেরোলেই ঘেমে নেয়ে একশা কাণ্ড! কিন্তু গরম বলে তো আর পার্টি, অনুষ্ঠান, বিয়েবাড়ি আটকে থাকে না। ফলে সাজগোজ করে উপস্থিত হতে হয়। আর শুধু সাজলেই তো হল না। সেই সাজ যাতে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক থাকে, দেখতে ভাল লাগে এবং গরমে দেখতে তরতাজা লাগে সে দিকেও নজর দিতে হয়। গরমেও এই সব কিছু বজায় রাখা সম্ভব, সেই সঙ্গে নিখুঁত সাজগোজও করা যায় যদি কয়েকটি বিষয় খেয়াল রাখা যায়। এ কালের নতুন ট্রেন্ড হল ‘ক্লিন গার্ল লুক’। বিশেষ করে গরমে ভারী মেকআপের চেয়ে এক বিশেষ ধরনের ভিজে ভাব আনা মেকআপেরই চাহিদা বাড়ছে। গরমে একই সঙ্গে সতেজ ও ট্রেন্ডি দেখাতে হলে তাই কয়েকটি বিষয় মাথায় রাখুন।

১. সঠিক বেস

গরমের মেকআপের প্রধান শত্রু হল ঘাম। তাই শুরুতে মুখ ভাল করে পরিষ্কার করে আইস কিউব ঘষে নিন। এতে রোমকূপ সঙ্কুচিত হবে। এরপর অবশ্যই একটি ভাল মানের ম্যাটিফায়িং প্রাইমার ব্যবহার করুন, যা মেকআপকে দীর্ঘস্থায়ী করবে। ক্লিন গার্ল লুকের মূল চাবিকাঠি হলো হাইড্রেটেড ত্বক। মেকআপের আগে একটি ভালো সিরাম বা ফেস অয়েল দিয়ে মুখ ম্যাসাজ করে নিন। ভারী ফাউন্ডেশন এড়িয়ে টিন্টেড ময়েশ্চারাইজার বা হালকা কভারেজের ফাউন্ডেশন ব্যবহার করুন। লক্ষ্য রাখুন যেন ত্বকের স্বাভাবিক টেক্সচার ঢাকা না পড়ে।

২. হালকা কভারেজ

ভারী ফাউন্ডেশনের বদলে এখনকার ট্রেন্ড হল বিবি ক্রিম বা সিসি ক্রিম। যদি ফাউন্ডেশন ব্যবহার করতেই হয়, তবে তা যেন ওয়াটার-বেসড হয়। ক্রিমের বদলে লিকুইড ব্লাশ এবং লিকুইড হাইলাইটার ব্যবহার করলে ত্বকের উজ্জ্বল এবং তরতাজা ভাব অনেক বেশি ‘ন্যাচরাল’ দেখাবে। ব্লাশ লাগালে তা ব্যবহার করুন গালের হাড়ের উপরের দিকে। তাতে এক রকমের ‘ফেস-লিফট’ পাওয়া যায়, যা দেখতে ভাল লাগে।

৩. চোখের সাজ অল্পেই বেশি

চোখের সাজে ইদানীং জমকালো ভাবের বদলে হালকা রঙের আধিক্য বাড়ছে। প্যাস্টেল শেড বা শ্যাম্পেন গোল্ড আইশ্যাডো ব্যবহার করতে পারেন। ভ্রু-জোড়াকে খুব বেশি ডার্ক না করে আইব্রো জেল দিয়ে ব্রাশ করে সেট করুন। একে বলে সোপ ব্রাউজ। যা খুবই ট্রেন্ডিং। চোখে আইলাইনারের বদলে ঘন করে ভলিউমাইজ়িং মাস্কারা লাগান। এটি চোখকে বড় দেখাবে, যা ক্লিন লুকের প্রধান বৈশিষ্ট্য। তবে কাজল ও মাস্কারা অবশ্যই ওয়াটারপ্রুফ হতে হবে, না হলে ঘামে মেকআপ নষ্ট করে দিতে পারে।

৪. ঠোঁটের সাজ

গরমের দুপুরে প্যাস্টেল বা ন্যুড শেডের লিপস্টিক দারুণ মানায়। তবে রাতের অনুষ্ঠানে বোল্ড রেড বা প্লাম কালার বেছে নিতে পারেন। ঠোঁটে ভারী ম্যাট লিপস্টিকের বদলে লিপ টিন্ট বা নিউট্রাল গ্লস ব্যবহার করতে পারেন। গাল, চোখের পাতা এবং ঠোঁটে একই রঙের হালকা ছোঁয়া রাখলে পুরো সাজে একটি সামঞ্জস্য থাকে এবং দেখতে খুব স্নিগ্ধ লাগে। তবে যা-ই করুন, সব শেষে সেটিং স্প্রে দিতে ভুলবেন না।

৫. হেয়ারস্টাইল ও গয়না

চুল একদম গুছিয়ে পিছনের দিকে স্লিক বান বা স্লিক পনিটেল করুন। এটি চেহারার ফিচারগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তুলবে এবং একটি পরিচ্ছন্ন ‘লুক’ দেবে। কানে ছোট দুল এবং গলায় সরু চেইন পরুন। এই অল্প গয়নার স্টাইলই ভিড়ে সবার থেকে আলাদা করে দেবে।

Summer Makeup Tips Summer Skin Care Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy