উত্তরাখণ্ডের হৃষিকেশ শহর পর্যটন এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য বিশ্ব জুড়ে পরিচিত। তবে, হৃষিকেশের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে, যা অনেককে আতঙ্কিত করে তুলেছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, ‘স্ক্যাড জাম্প’ নামক এক বিপজ্জনক নতুন খেলায় মেতে উঠেছে তরুণ-তরুণীর দল। এই খেলায় কোনও দড়ি বা বেল্ট ছাড়াই একজন ব্যক্তিকে অনেক উঁচু স্থান থেকে সরাসরি নীচে একটি জালের ওপর ফেলে দেওয়া হয়। ভাইরাল হয়েছে সেই ঘটনার ভিডিয়ো। নিরাপত্তা বিধি নিয়ে ভিডিয়োটি অনলাইনে ব্যাপক বিতর্কেরও জন্ম দিয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
‘স্ক্যাড জাম্প’ কী এবং কেন এটি এত বিপজ্জনক? সাধারণত, বাঞ্জি জাম্পিংয়ের সময় পায়ে একটি মজবুত দড়ি এবং শরীরে একটি সেফটি বেল্ট বাঁধা থাকে। কিন্তু ‘স্ক্যাড জাম্প’-এর ক্ষেত্রে এমন কোনও ব্যবস্থা থাকে না। কোনও দড়ি, তার বা বেল্ট ছাড়াই এক জন ব্যক্তিকে শূন্যে ছেড়ে দেওয়া হয় এবং তিনি সরাসরি নীচে পাতা একটি বড় জালের ওপর গিয়ে পড়েন। সে রকমই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি দেখে মানুষের মনে গভীর আশঙ্কার সৃষ্টি হয়েছে। কারণ, অত উপর থেকে পড়ার পর শরীর বা বসার ভঙ্গিতে সামান্যতম বিচ্যুতি ঘটলে ঘাড় বা মেরুদণ্ড ভেঙে যেতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অরনাজ় হাতিরাম জৈন’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ওই অ্যাডভেঞ্চার স্পোর্টসের আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশও করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘অ্যাডভেঞ্চারের নামে মানুষ নিজেদের জীবন বাজি রাখছে। কোনও অ্যাডভেঞ্চার স্পোর্টসই নিরাপদ নয়। কিন্তু নিয়মকানুন তদারকি করার মতোও কেউ নেই।’’