Advertisement
E-Paper

বিয়ের পোশাক কেনার সময় কোন ভুলটা করছেন কনেরা, হদিস দিলেন করিনা, প্রিয়ঙ্কার পোশাকশিল্পী

বিয়ের দিন লুক ঠিক কী রকম হবে, তা নিয়ে অতিরিক্ত পরিকল্পনা করতে গিয়ে অনেক কনেই অনেক রকম ভুল কাজ করে বসেন, সেই বিষয়ে সতর্ক করলেন পোশাকশিল্পী তরুণ তাহিলানি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৫
করিনা আর প্রিয়ঙ্কার পোশাকশিল্পী তরুণ তেহেলানি ধরিয়ে দিলেন এখনকার কনেদের মস্ত বড় ভুল।

করিনা আর প্রিয়ঙ্কার পোশাকশিল্পী তরুণ তেহেলানি ধরিয়ে দিলেন এখনকার কনেদের মস্ত বড় ভুল। ছবি: সংগৃহীত।

অনুষ্কা শর্মা থেকে আলিয়া ভট্ট, প্রিয়ঙ্কা চোপড়া থেকে দীপিকা পাড়ুকোনের বিয়ের সাজ দেখে অনেক বাঙালি বধূই এখন বিয়েতে লেহঙ্গা পরার কথা ভাবছেন। রিসেপশনের দিন তো বটেই, কেউ কেউ বিয়ের দিনও পরছেন ডিজ়াইনার লেহঙ্গা। ইদানীং বিয়ের সাজের ব্যাপারে পোশাকশিল্পীদের পরামর্শ নেওয়ার চল বেড়েছে খুব। কনেকে দেখে তাঁরা বলে দেন, কী রং বা কোন ধরনের লেহঙ্গায় মানাবে তাঁকে। সঙ্গে কী গয়না পরবেন, সেই সিদ্ধান্ত নিতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়লে যোগাযোগ করতেই পারেন তাঁদের সঙ্গে। তবে নামীদামি পোশাকশিল্পীর নকশা করা লেহঙ্গার দামও হয় আকাশছোঁয়া! সেই বাজেট সবার থাকে না। বিয়ের দিন লুক ঠিক কী রকম হবে, তা নিয়ে অতিরিক্ত পরিকল্পনা করতে গিয়ে অনেক কনেই অনেক রকম ভুল কাজ করে বসেন, সেই বিষয়ে সতর্ক করলেন পোশাকশিল্পী তরুণ তাহিলানি।

পোশাকশিল্পী তরুণের মতে, এখনকার দিনের কনেরা সমাজমাধ্যমে কোনও অভিনেত্রী বা নেটপ্রভাবীর বিয়ের ছবি দেখে হুবহু সেই সাজটাই নকল করার চেষ্টা করেন। তরুণীরা আদৌ ভাবেন না, তাঁরা যে সাজটি নকল করছেন, তা তাঁদের মানাবে কি না। এক সাক্ষাৎকারে পোশাকশিল্পী বলেন, ‘‘বিয়ের পোশাকের ক্ষেত্রে এখন সব পরিবারে একই সমস্যা, তাঁদের পোশাক যেন বিয়ের অতিথিদের তুলনায় কোনও অংশে কমতি না হয়। এই একই কথা আমি সবার মুখে শুনি। আমি তাঁদের একটাই কথা বলি, অতিথিরা কী পরছেন তা নিয়ে এত ভাবার কি আছে? তাঁরা এত ভারী ভারী পোশাক পরে অস্বচ্ছন্দ বোধ করতে চাইলে করুন, আপনার সেই ভুলটা করার দরকার নেই।’’

বিয়ের পোশাক বাছাইয়ের ক্ষেত্রে কোন ভুলটা করে বসেন কনেরা?

পোশাকশিল্পীর তরুণের মতে, বিয়ের পোশাক বাছাইয়ের আগে কনেরা ১০০টি ছবি দেখে, সব কিছুর মিশ্রণ করতে গিয়ে নিজের পছন্দটাকেই তাঁরা আর গুরুত্ব দেন না। তরুণ বললেন, ‘‘অনেক কনেই অভিনেত্রীদের দেখাদেখি আমার কাছে এসে লম্বা ওড়নার দাবি করেন, আমি তাঁদের সতর্ক করি, সাতপাক ঘোরার সময় কিন্তু এই ওড়নার কারণেই বিপাকে পড়তে হতে পারে।’’ তরুণের মতে, কাউকে অনুকরণ করে নয়, বিয়ের পোশাক বাছাই করতে হবে নিজের পছন্দের কথা মাথায় রেখে। আর পছন্দের পাশাপাশি স্বাচ্ছন্দ্যকেও সমান গুরুত্ব দিতে হবে।

আর কী কী মাথায় রাখবেন কনেরা?

১) বলিপাড়ার অভিনেত্রীদের বিয়ের সাজ দেখে অনেকেই অনুপ্রাণিত হন। তবে প্রিয় অভিনেত্রীর গায়ে যে লেহঙ্গাটি মানানসই, সবার ক্ষেত্রে তা না-ও ভাল লাগতে পারে। তাই অনলাইনে লেহঙ্গা পছন্দ না করে দোকনে গিয়ে নিজে পরে দেখুন, সেটি নিজের উচ্চতা, চেহারার সঙ্গে যাচ্ছে কি না। আলিয়া, পরিণীতি, কিয়ারা— সকলকেই প্যাস্টেল শেডের লেহঙ্গা পরতে দেখে ভেবে নিলেন, হালকা রঙের পোশাকই পরবেন। তবে ‘বলিউডের ট্রেন্ডে’ গা ভাসিয়ে নয়, নিজেকে কোন রঙে বেশি মাানাচ্ছে, তা দেখেই বিয়ের লেহঙ্গা বাছাই করুন।

২) লেহঙ্গা কেনার সময় স্বাচ্ছন্দ্যের বিষয়টি সবার আগে মাথায় রাখুন। দাম দিয়ে খুব ভারী কারুকাজের লেহঙ্গা কিনে ফেললেন, অথচ সেই পোশাক পরে বিয়েতে হাঁটতেই পারলেন না, এমন করার কোনও মানে নেই। তাই লেহঙ্গা কেনার আগে দেখে নিন, খুব যেন ভারী না হয়। একাধিক ক্যানক্যানের (লেহঙ্গার নীচে ব্যবহৃত নেট) ব্যবহার লেহঙ্গাকে ভারী করে দেয়। অযথা বেশি ক্যানক্যান ব্যবহার না করাই ভাল।

৩) ইদানীং লেহঙ্গার সঙ্গে দু’টি ওড়নার ব্যবহারের চল বেড়েছে। একটি ওড়না লেহঙ্গার সঙ্গেই থাকে। তবে অন্য ওড়নাটি একটু নিজের মতো করে নকশা করে বানিয়ে ফেলতে পারেন। নিজেই লেস, বর্ডার, ওড়নার কাপড় কিনে নিলে কিন্তু খুব বেশি খরচ না করেই বলিউডের কনের সাজে সেজে উঠতে পারেন।

Wedding Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy