হার্দিকের ঘাড়ের কাছে জ্বলজ্বল করছে মাহিকার নামের আদ্যক্ষর অর্থাৎ ইংরেজি হরফ ‘এম’। তবে শুধু নামই লেখেননি ক্রিকেটার, ট্যাটুর নকশার পিছনে লুকিয়ে রয়েছে গভীর ভাবনা। হার্দিকের ট্যাটুশিল্পী সানি ভানুশালী খোলসা করলেন সেই ভাবনার কথা। সানির মতে, হার্দিক এমন কিছু বানাতে চাইছিলেন, যা গূঢ় অর্থবহ।
হার্দিকের ট্যাটুর মধ্যে ফুটে উঠেছে দু'টি চিতার সম্পর্কের রসায়ন। তাদের মধ্যে একটি চিতাবাঘ সাহসী, হিংস্র, উচ্চাকাঙ্ক্ষী, জীবনে অনেক কিছু করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে। দ্বিতীয়টি যেন তার ছায়াসঙ্গী। ট্যাটুতে মূল চিতাবাঘের ছায়ার মতো করেই আঁকা হয়েছে ‘এম’ অক্ষরটি। সানি বলেন, ‘‘হার্দিক আর মাহিকার মতে, তাঁরা একে অপরের পরিপূরক, তাঁরা একে অপরের শক্তি। তাঁরা বলেছিলেন, চিতাবাঘ তাঁদের সম্পর্কের ব্যঞ্জনা একেবারে সঠিক ভাবে বহন করতে পারবে। চিতাবাঘ একাই ভীষণ শক্তিশালী, আর সঙ্গী পাশে থাকলে তারা অপ্রতিরোধ্য।’’
হার্দিকের এই বিশেষ ট্যাটু দেখে মনে হচ্ছে, দুই চিতাবাঘ যেন সামনের দিকে ছুটছে। হার্দিক আর মাহিকাও তাঁদের সামনের জীবনে একে অপরের পাশে থেকে এগিয়ে যেতে চান অনেকটা পথ। ট্যাটুর মাধ্যমে সুন্দর করে ফুটে উঠেছে তাঁদের প্রেমকাহিনি।