Advertisement
E-Paper

স্নানের বালতিতে ঢালুন ১ চামচ নুন, এর ফলে শরীরে কী হতে পারে? রইল বাথ সল্ট ব্যবহারের সঠিক পদ্ধতি

বাথ সল্টের নাম শুনে সাধারণ নুন মনে হলেও এটি আসলে বিশেষ ধরনের খনিজসমৃদ্ধ লবণ, যা শরীর ও ত্বকের যত্নে ব্যবহার করা হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ১৭:৫৫
How to add bath salt in bucket or shower to get benefits

স্নানের জলে কী ভাবে ব্যবহার করবেন বাথ সল্ট? ছবি: সংগৃহীত।

স্নানের জলে এক চামচ নুন ঢেলে দিন। তাতেই প্রশান্তিতে ভরে উঠবে মন ও শরীর। এমন ভাবে স্নান করেছেন কখনও? অনেকেই মনে করেন, বাথ সল্ট শুধু বিলাসবহুল স্পায়ের জন্য। কিন্তু সঠিক পদ্ধতিতে ব্যবহার করলে এটি ঘরেও আরামদায়ক স্নানের অভিজ্ঞতা দিতে পারে। কিন্তু তার আগে জানতে হবে বাথ সল্ট কী এবং কী ভাবে ব্যবহার করতে হয়।

বাথ সল্ট কী?

নাম শুনে সাধারণ নুন মনে হলেও এটি আসলে বিশেষ ধরনের খনিজসমৃদ্ধ লবণ, যা শরীর ও ত্বকের যত্নে ব্যবহার করা হয়। বাথ সল্ট সাধারণত বিভিন্ন খনিজসমৃদ্ধ লবণ দিয়ে তৈরি হয়। এর মধ্যে ম্যাগনেশিয়াম, পটাশিয়াম বা অন্যান্য খনিজ থাকতে পারে। অনেক ক্ষেত্রে এতে সুগন্ধি তেল, শুকনো ফুল বা ভেষজ উপাদানও মেশানো হয়। গরম জলে মিশিয়ে ব্যবহার করলে শরীরে প্রশান্তি আসতে পারে।

স্নানের জলে কী ভাবে ব্যবহার করবেন?

সুস্বাস্থ্যের জন্য বাথ সল্ট কেন দরকার?

সুস্বাস্থ্যের জন্য বাথ সল্ট কেন দরকার? ছবি: সংগৃহীত।

১. সবচেয়ে প্রচলিত পদ্ধতি হল স্নানের জলে বাথ সল্ট মিশিয়ে নেওয়া। একটি বালতিতে ঈষদুষ্ণ জল নিন।

প্যাকেটের নির্দেশ অনুযায়ী পরিমাণমতো বাথ সল্ট মেশান। লবণ পুরোপুরি গলে গেলে ধীরে ধীরে মগ ব্যবহার করে গায়ে ঢালুন। আর যদি বাথটব থাকে, তা হলে আরও সুবিধা। একটু নুন নিয়ে তাতে ঢেলে ১৫-২০ মিনিট নিজেকে ডুবিয়ে রাখুন। এর পরে পরিষ্কার জল দিয়ে শরীর ধুয়ে নিতে পারেন।

২. শাওয়ারে স্নান করলেও ব্যবহার করা যায়। অনেকেই শাওয়ার নেওয়ার সময় বাথ সল্ট ব্যবহার করেন। এ ক্ষেত্রে ভিজে ত্বকে অল্প বাথ সল্ট নিয়ে আলতো চাপে মালিশ করা যায়। কেউ কেউ শাওয়ারের মেঝেতে সামান্য বাথ সল্ট রেখে দেন, যাতে জলের বাষ্পের সঙ্গে তার সুগন্ধ ছড়িয়ে পড়ে।

৩. ত্বকের মৃত কোষ দূর করতে বাথ সল্টকে প্রাকৃতিক স্ক্রাব হিসেবেও ব্যবহার করা যায়। অল্প নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে বাথ সল্ট মিশিয়ে ত্বকে হালকা ভাবে ঘষে নিতে পারেন। এতে ত্বকের উপর জমে থাকা মৃত কোষ দূর হতে পারে এবং ত্বক তুলনামূলক মসৃণ হতে পারে। তবে খুব জোরে ঘষা উচিত নয়, আলতো চাপে।

কী এর উপকারিতা?

শরীরের বিশেষ কিছু সমস্যায় উপকারী হতে পারে এই টোটকা। পেশির ক্লান্তি, শরীরে ব্যথা বা দীর্ঘ দিনের অবসাদ, এমন কিছু সমস্যায় অনেকেই বাথ সল্ট ব্যবহার করেন। ঈষদুষ্ণ জলে ডুবে থাকার ফলে পেশি কিছুটা শিথিল হতে পারে এবং শরীরে ও মনেও আরাম হতে পারে। ও দিকে এটি ত্বকের পরিচর্যায় হালকা এক্সফোলিয়েশন দিতে সাহায্য করতে পারে। তবে এর ব্যবহার সব সময় পরিমিত হওয়া উচিত এবং কোনও চিকিৎসাজনিত সমস্যার ক্ষেত্রে একে সমাধান হিসেবে দেখা ঠিক নয়। সঠিক পদ্ধতিতে ব্যবহার করলে সাধারণ স্নানও হয়ে উঠতে পারে অত্যন্ত প্রশান্তির।

তবে, কোনও চিকিৎসার বিকল্প হিসেবে বাথ সল্ট ব্যবহার করা উচিত নয়। দীর্ঘস্থায়ী ব্যথা বা শারীরিক সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

Bath Salt
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy