Advertisement
E-Paper

চুলের রং লেগে গিয়েছে মাথার ত্বক এবং মুখেও! জল দিলে উঠবে না, তা হলে তুলবেন কী ভাবে?

চুলে রং করতে গিয়ে কখনও সেই রং লেগে যায় কপালে কিংবা ঘাড়েও। সঙ্গে সঙ্গে তা ধুয়ে ফেললে সমস্যা হয় না। কিন্তু তা যদি ত্বকে মিনিট ১৫ মিনিট রয়ে যায়, তা তোলা কষ্টসাধ্য হয় ওঠে। এমন সমস্যার সমাধান কী করে করবেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৩:৪৫
চুলে রং করতে গিয়ে মুখেও লেগেছে, কী ভাবে তা উঠবে?

চুলে রং করতে গিয়ে মুখেও লেগেছে, কী ভাবে তা উঠবে? ছবি: এআই সহায়তায় প্রণীত।

রং করতে গেলেন চুলে, সেই রং-ই লাগল মুখে! সেই রং তোলা যে মুখের কথা নয়, ভুক্তভোগীরা ভালই জানেন। অনেক সময়ই চুলে রং করার সময়ে তা লেগে যায় কপালে কিংবা ঘাড়েও। কখনও রং কাঁচা থাকা অবস্থায় চুল মুখের কোনও অংশে এসে পড়লে, তা থেকেও দাগ হয়ে যেতে পারে। সঙ্গে সঙ্গে তা ধুয়ে ফেললে সমস্যা হয় না। কিন্তু তা যদি ত্বকে ১৫ মিনিটও রয়ে যায়, তা হলেই সেটি তোলা কষ্টসাধ্য হয় ওঠে।

যাঁরা বাড়িতেই ডাই করেন বা চুলে রং করেন, তাঁরা কম-বেশি এমন সমস্যার সঙ্গে পরিচিত। সাবধান হলেও কখনও কখনও রঙের ছোপ পড়ে যায় ত্বকে।এমন অবস্থায় কী ভাবে তা তুলবেন?

১। নারকেল তেল বা অলিভ অয়েল বুলিয়ে দিন রং লাগা অংশটিতে। হাত দিয়ে আলতো করে রগড়ে দিন। তুলো দিয়ে রং তোলার চেষ্টা করুন। তার পরে ফেসওয়াশ ব্যবহার করুন। বিশেষত মুখের কোনও অংশে রং লাগলে, গায়ের জোরে ঘষাঘষি করা যাবে না। এতে ত্বকের ক্ষতি হতে পারে। ফেসওয়াশ ব্যবহারের পরে টোনার মেখেও তুলো দিয়ে আলতো করে রং তোলার চেষ্টা করুন। কিছুটা হলেও হালকা হয়ে যাবে।

Advertisement

২। হাতে বা ঘাড়ে রং লাগলে, মাজন দিয়ে দেখতে পারেন। মাজন লাগিয়ে নিন সেই অংশটিতে। ৫ মিনিট রেখে, মাজন জল দিয়ে ঘষুন। তার পর সাবান দিয়ে ধুয়ে নিন।

৩। রং তোলার চেষ্টা করতে পারেন নেলপলিশ রিমুভার দিয়েও। তুলোয় বা নেলপলিশ রিমুভারে ভেজানো পাতলা প্যাড দিয়ে রং লেগে থাকা অংশটি আলতো করে ঘষে নিন। ধীরে ধীরে রং উঠে আসবে। তার পরে সাবান দিয়ে নিন। মুখে এই পন্থা অনুসরণ করলে অবশ্যই ভাল করে মুখটি ধুয়ে ফেলতে হবে।

৪। ঘাড় বা হাতে দাগ লাগলে সাদা ভিনিগারেও কাজ হতে পারে। তবে মুখের জন্য এই কৌশল নয়। ভিনিগার তুলোয় ভিজিয়ে দাগ লেগে থাকা অংশে আলতো চাপ দিয়ে ঘষে নিন। তার পরে সাবান দিয়ে পরিষ্কার করে ফেলুন।

৫। ক্লিনজ়িং মিল্ক, মাইসেলার ওয়াটার দিয়েও মুখে বা কপালের যে অংশে দাগ লেগেছে, সেটি তোলবার চেষ্টা করতে পারেন।

সমস্যা হওয়ার পরে তার সমাধান খোঁজার চেয়ে শুরুতেই তা এড়ানো ভাল। চুলে রং করতে গিয়ে ত্বকে লেগে গেলে প্রথমেই জল এবং সাবান দিয়ে তা মুছে নিন। নখ, হাতের তালুতে যাতে রং না লেগে যায়, সে জন্য দস্তানা ব্যবহার করুন। তার পরেও যদি ভুল হয়, ত্বকে রং লেগে যায়— বার বার ঘষাঘষি না করে বরং এক-দুই দিন সময় দিন।ধীরে ধীরে তা উঠে যাবে।

Hair Colour
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy