চুল শ্যাম্পু করা আর কী এমন ব্যাপার! বলবেন সকলেই। কিন্তু মাথা জলে ভিজিয়ে শ্যাম্পু হাতে ঢেলে মাথার তালু আর চুলে ঘষে দিলেই শ্যাম্পু হয় কি! কেউ শ্যাম্পু করতে গিয়ে মাথার ত্বক আর চুল ঘষতেই থাকেন, কারণ এমন না করলে যে চুল পরিষ্কার হয় না। কেউ আবার ২ মিনিটেই শ্যাম্পু করে চুল ধুয়ে নেন।
তবে দীর্ঘ দিন ধরে কেশ নিয়ে যে শিল্পীরা কাজ করছেন, তাঁরা বলছেন, শ্যাম্পু করারও নিয়ম আছে।শ্যাম্পু করার উদ্দেশ্য শুধু চুল থেকে তেলচিটে ভাব দূর করা নয়, বরং মাথার ত্বক খুব ভাল করে পরিষ্কার করা, যাতে সেখান থেকে সংক্রমণ না হয়।
শ্যাম্পু করার সময় কোন ভুল এড়াবেন?
· চুল ভাল করে ভিজিয়ে নেওয়ার পরে অনেকেই শ্যাম্পু দেন চুলের মাঝের অংশ থেকে নীচের দিকে। বদলে শ্যাম্পু একটু জলে গুলে তা দিতে হবে মাথার ত্বকে। মাথার ত্বকের পাশাপাশি তা পুরো চুলেই ব্যবহার করতে হবে।
আরও পড়ুন:
· শ্যাম্পু করার সময় চুল নিয়ে যেন যুদ্ধ না হয়। অনেকেই মাথা পরিষ্কার করতে গিয়ে গায়ের জোরে চুল ঘষেন। এতে চুল ছিঁড়ে যাবে তো বটেই, জটও পড়বে। শ্যাম্পু করার সময় আঙুল দিয়ে মাথার ত্বক মাসাজ় করুন। এতে রক্ত সঞ্চালন ভাল হবে, ময়লাও পরিষ্কার হবে।
· স্ক্যাল্প মাসাজ়ারের সাহায্য নেওয়া যেতে পারে। নরম দাঁড়ার গোল চিরুনির মতো দেখতে স্ক্যাল্প মাসাজ়ারের ব্যবহার যেমন আরামদায়ক, তেমনই এতে রক্ত সঞ্চালন ভাল হয়।
· মাথার ত্বক যতটা ভাল ভাবে পরিষ্কার করতে হবে, ততটাই সাফ করতে হবে চুলের নীচের অংশও। তবে তা করতে হবে সাবধানে, টানা হ্যাঁচড়া না করে।
· অনেকেই স্নানের সময় সমস্ত চুল উল্টোদিকে করে শ্যাম্পু করেন। এটিও ভুল পন্থা। এতে চুলে জট পড়বে। শ্যাম্পু করতে হবে চুলের উপর থেকে নীচের অংশে।
· শ্যাম্পু করার পরে চুল খুব ভাল করে ধুয়ে নিতে হবে। চুলের ভিতরে যেন ফেনা লেগে না থাকে। কারণ, তা থেকে চুলের ক্ষতি হতে পারে।
· শ্যাম্পু করার পরে অনেকেই কন্ডিশনার মাখেন না। এটা ভুল। কন্ডিশনার চুল মসৃণ এবং নরম রাখতে সাহায্য করে।