সাজগোজ করার পরে ত্বক নিষ্প্রভ দেখালে সাজটাই মাটি। মানসিক চাপ ও দূষণের কবলে পড়ে ত্বক-চুলের স্বাভাবিক জেল্লা প্রায় উধাও হয়ে যায়। তাই মেকআপ এমন হবে, যাতে সকলের মাঝে সবচেয়ে বেশি মোহময়ী দেখায় আপনাকেই।
মেকআপ শুরুর আগে ত্বক হাইড্রেট করতে গ্লো-এনহ্যান্সিং ময়েশ্চারাইজ়ার লাগান। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে, উজ্জ্বলও দেখাবে। আপনার ত্বক যদি খুব শুষ্ক হয়, তবে ১-২ ফোঁটা ফেস অয়েল মেখে নিতে পারেন।
পরের ধাপে ভাল করে প্রাইমার লাগিয়ে নিন। তার পর হাইলাইটার। মাল্টিপল হাইলাইটার ব্যবহার করতে পারেন। মুখের কোন কোন অংশে হাইলাইটার লাগাবেন, সেটাও জানা দরকার। বিশেষ করে চোয়ালের হাড় বেশি করে হাইলাইট করুন, গোল মুখকে নিমেষে পানপাতার আকৃতি দিতে যা খুবই কার্যকরী। পাশাপাশি কপাল-নাকের টি-জোন, চোয়ালের হাড়, কলার বোনে কনসিলার দিতে ভুলবেন না।
আরও পড়ুন:
শুধু মুখের ত্বক উজ্জ্বল আর হাত-পা খসখসে, তা তো ভাল দেখায় না। তাই হাতে লাগান শিমার। আগে ভাল করে ময়েশ্চারাইজ়ার মেখে নিন। তার পর শিমার লাগিয়ে নিন। পিঠখোলা পোশাক পরলে সেখানেও দরকার শিমার।
লিপস্টিক লাগানোর আগে ঠোঁট ভাল ভাবে স্ক্রাব করে পরিষ্কার করুন। ঠোঁটে শুকনো মৃত চামড়া থাকলে হাল্কা রঙের লিপস্টিকে যত না বোঝা যায়, গাঢ় রঙে অনেক বেশি চোখে পড়ে। ঠোঁটে লিপ বাম লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। একদম শুকিয়ে গেলে তবেই লিপস্টিক লাগাবেন। নয়তো রং সমান ভাবে বসবে না।