Advertisement
E-Paper

খতম, টাটা, বাই বাই! কোন সাজে ক্যাটরিনাকে দেখে এমন মন্তব্য করলেন স্বামী ভিকি কৌশল?

মুক্তির অপেক্ষায় ক্যাটরিনার নতুন ছবি ‘ফোন ভূত’। ছবি বড় পর্দায় মুক্তি পাওয়ার আগে হ্যালোউইন পার্টিতে একেবারে অন্য অবতারে ধরা দিলেন ক্যাটরিনা কইফ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২২ ২১:১৫
শনিবার রাতে বলিউড পালন করেছে হ্যালোউইন উৎসব।

শনিবার রাতে বলিউড পালন করেছে হ্যালোউইন উৎসব। ছবি: সংগৃহীত

পরনে গোলাপি টি-শার্ট, সাদ-কালো ছোপ-ছোপ ডেনিম হটপ্যান্ট, স্বচ্ছ জ্যাকেট, গলায় ক্রস লকেট দেওয়া একগুচ্ছ হার। চুল দু’ভাগ করে বাঁধা। এক দিকের চুলের রং আকাশি। অন্যটি লাল। এ যেন অবিকল ‘জোকার’ ছবির ‘হার্লে কুইন’! সোমবার সন্ধ্যায় এ ছবি প্রকাশ্যে আসতেই প্রথম ঝলকে অনেকেই ভেবেছিলেন এই ছবি হলিউডের অভিনেত্রী মার্গট রবির। বেশ কিছু ক্ষণ অপলকে সে ছবির দিকে চেয়ে থাকলে ভুল ভাঙবে। কোথায় হার্লে কুইন? স্বয়ং ক্যাটরিনা কইফ যে তিনি। হ্যালোউইন উপলক্ষে এমন ভাবেই সেজেছেন ভিকি-পত্নী।

শনিবার রাতে বলিউড পালন করেছে হ্যালোউইন উৎসব। ক্যাটরিনার এমন সাজের উপলক্ষ মূলত সেই উৎসব-উদ্‌যাপন। ‘দ্য সুইসাইড স্কোয়াড’ খ্যাত মার্গট রবিকে কমবেশি সকলেই চেনেন। তাঁর সাজগোজ সম্পর্কেও অনেকেই অবগত। ‘বার্ডস অফ প্রে’, ‘বেবিলন’-এর মতো ছবিতেও এমন চমকপ্রদ সাজে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। ‘জোকার’ দেখেছেন যাঁরা, হার্লে কুইন চরিত্রটি এবং তাঁর সাজগোজকে মনে রেখেছেন অনেকেই।

 ‘জোকার’ ছবির হার্লে ক্যুইন।

‘জোকার’ ছবির হার্লে ক্যুইন। ছবি: সংগৃহীত

ক্যাটরিনার সাজ মনে করাবে জোকারের হার্লে ক্যুইনকেই। তবে মার্গট অভিনীত ‘হার্লে কুইন’ চরিত্রটি নকল করাই এক মাত্র উদ্দেশ্য ছিল না ক্যাটরিনার। মুক্তির অপেক্ষায় তাঁর নতুন ছবি ‘ফোন ভূত’। সেই ছবিতে ক্যাটরিনা এক জন ভূতের চরিত্রে অভিনয় করেছেন। সেই ছবির প্রচারেই মূলত এমন সাজ নায়িকার। ইনস্টাগ্রামে নিজের ছবির সঙ্গে লেখেন, ‘‘এ বারের হ্যালোউইন পার্টি হোক ফোন ভূতের সঙ্গে।’’ স্ত্রীকে এমন রূপে দেখে চমকিত ভিকি কৌশলও। আবেগ সামলাতে না পেরে স্ত্রীর ছবির নীচে মন্তব্য লিখলেন, ‘‘খতম, টাটা, বাই বাই।’’ ক্যাটরিনার ছবিতে মন্তব্য করছেন অনুষ্কা শর্মাও। তিনি ক্যাটরিনার উদ্দেশে লিখলেন, ‘‘অনুমান করো, কে জিতল এই সাজে?’’ তবে ভিকির মন্তব্য নিয়ে অনেকেরই মনে একটি প্রশ্ন ঘুরছে। স্ত্রীকে এমন সাজে দেখে ভয় পেয়ে গেলেন অভিনেতা?

Katrina Kaif
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy