Advertisement
E-Paper

উৎসব শেষে ত্বক এবং চুলে ক্লান্তির ছাপ পড়েছে? ঘরোয়া উপায়ে কী ভাবে ফিরিয়ে আনবেন জেল্লা?

উৎসবের পর এ বার নিজস্ব ছন্দে ফেরার পর্ব। শরীরের পাশাপাশি যত্ন নিন চুল এবং ত্বকেরও। হাতের কাছের চেনা কোন জিনিসটি দিয়ে ফিরিয়ে আনতে পারেন নিজস্ব জেল্লা?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২২ ১৯:৪৫
ত্বকের যত্নে অ্যালোভেরা।

ত্বকের যত্নে অ্যালোভেরা। ছবি: সংগৃহীত

উৎসবের অনিয়মের প্রভাব শুধু যে শরীরে পড়েছে, তা নয়। ত্বকও নিজের জৌলুস হারাচ্ছে। উৎসব মানেই তো সাজগোজ। রূপটান। বাজারচলতি প্রসাধনীর ব্যবহার। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালিপুজো, ভাইফোঁটা— পর পর উৎসবে রূপটানও হয়েছে জমিয়ে। ক্রমাগত রাসায়নিক দ্রব্য মিশ্রিত প্রসাধনীর ব্যবহারে অনেকেরই ত্বকেও একটা ক্লান্তি চলে এসেছে। ত্বকের নিজস্ব সজীবতা অনেকটা হারিয়ে গিয়েছে। জেল্লা হারাচ্ছে ক্রমশ। শুধু কি ত্বক? চুলেরও তো একই পরিস্থিতি। উৎসবের সময়ে স্ট্রেটনার, হেয়ার ড্রায়ারের ব্যবহারে চুলের স্বাস্থ্যেও খারাপ হতে বসেছে। উৎসবের পর্ব মিটে যাওয়ার পর তাই সে দিকে নজর দেওয়া প্রয়োজন। এ কাজে আপনাকে সাহায্য করতে পারে অ্যালো ভেরা।

চুলের যত্নেও সমান নজর অ্যালোভেরা।

চুলের যত্নেও সমান নজর অ্যালোভেরা। ছবি: সংগৃহীত

ত্বক এবং চুলের যত্ন কী ভাবে নেয় অ্যালো ভেরা?

চোখের নীচের ফোলা ভাব দূর করতে

পুজোর সময়ে রাত জাগা, ঘুম কম হওয়ার কারণে তৈরি হওয়া চোখের নীচের ফোলা ভাব এখনও রয়ে গিয়েছে? এই সমস্যার সমাধান করতে পারে অ্যালো ভেরা। ভিটামিন ই-সমৃদ্ধ এই জেল চোখের প্রতিটি কোষ ঢুকে সজীবতা বজায় রাখে।

ময়েশ্চারাইজার হিসাবে

অ্যালো ভেরা জেল ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে। সামনে শীত পড়ছে। ত্বক শুষ্ক হতে পড়েছে। এই সময়ে বাজারচলতি ময়েশ্চারাইজারের ব্যবহার থেকে বিরত থেকে অ্যালো ভেরা ব্যবহার করতে পারেন। দারুণ উপকার পাবেন।

চুল পড়া রোধ করতে

বায়ুদূষণ, প্রসাধন সামগ্রীর ব্যবহার, যত্নের অভাব, সুষম খাবার না খাওয়া— এমন কিছু কারণে চুল পড়ার সমস্যা ক্রমশ বেড়েই চলেছে। এই সমস্যায় আপনার অন্যতম ভরসা হতে পারে অ্যালো ভেরা। এর স্বাস্থ্যকর উপাদান চুলের গোড়া মজবুত রাখে। চুলের জেল্লা ফেরায়। ত্বকের যত্ন অ্যালো ভেরার ব্যবহার নিয়ে কমবেশি সকলেই অবগত। তবে অ্যালো ভেরা চুলের স্বাস্থ্য ভাল রাখতেও দারুণ কার্যকর।

রোদের পোড়া দাগ কমাতে

রোদে পোড়ার দাগ দূর করতে অ্যালো ভেরা জেলের ভূমিকা অনবদ্য। বাড়িতে থাকলেও দিনের বেলা এই জেল মাখতে পারেন। তবে ভুলেও এই জেল মেখে রোদে যাবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। বরং রোদ থেকে ফিরে ঠান্ডা জলে মুখ ধুয়ে অ্যালো ভেরা জেল ত্বকে লাগিয়ে নিন। উপকার পাবেন।

ব্রণর সমস্যায়

কমবেশি অনেকেই ব্রণর সমস্যায় ভুগে থাকেন। ত্বকের ঔজ্জ্বল্য বজায় রাখতে ব্যবহার করতে পারেন এই জেল। ব্রণর কারণে অনেক সময়ে মুখে উন্মুক্ত ছিদ্র তৈরি হয়। সেগুলি বন্ধ করতেও অ্যালো ভেরা জেল দারুণ কার্যকর। এ ছাড়াও এগজিমার মতো সংক্রমণ জাতীয় ত্বকের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে এই জেল দারুণ কার্যকরী।

Skin Hair
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy