গরমে ঘাম জমে ত্বকে চুলকানি, র্যাশ বা ঘামাচির সমস্যা অনেকেরই হয়। আরও একটি সমস্যা দেখা দেয় এই সময়ে, তা হল ‘নিকেল অ্যালার্জি’। আংটি, চুড়ি বা ঘড়ি অথবা ধাতব কিছু থেকে এক রকম চর্মরোগ হতে দেখা যায়। এতে ত্বকে জ্বালা, চুলকানি বাড়ে। কারও ত্বকে বড় বড় ফোস্কা পড়ে। ত্বকের রংও বদলে যায়। ত্বক চিকিৎসকেরা বলেন, গরমের সময়ে হিট র্যাশ ও কনট্যাক্ট ডার্মাটাইটিসের সমস্যা বাড়ে। এর থেকে রেহাই পেতে ঘরোয়া কিছু টোটকাই কাজে আসতে পারে।
কী কী মাখলে ত্বকের জ্বালা-চুলকানি কমবে?
দই ও মধু, দু’টিরই অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গুণ আছে। মধু প্রদাহনাশকও। দুই চামচ দইয়ের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে র্যাশের জায়গায় লাগাতে হবে। এতে সেই জায়গার ত্বক নরম হবে ও জ্বালা কমে যাবে।
আরও পড়ুন:
ত্বকের জ্বালা কমাতে পারে অ্যালো ভেরা জেল। টাটকা অ্যালো ভেরা পাতা থেকে জেল বার করে সরাসরি র্যাশের ওপর লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
চন্দন গুঁড়োর সঙ্গে সামান্য গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। আক্রান্ত স্থানে লাগিয়ে লাগিয়ে মিনিট পনেরো রেখে ধুয়ে ফেলুন।
নিম পাতা ফুটিয়ে সেই জলে স্নান করুন বা নিম পাতা বাটা আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন। এতেও চুলকানি কমবে।
ত্বকের প্রদাহ কমাতে ও ত্বক আর্দ্র রাখতে তরমুজের জুড়ি মেলা ভার। এক কাপের মতো তরমুজ কুচি নিয়ে তা ব্লেন্ড করে নিন। এটি ত্বকে লাগিয়ে রাখলে চুলকানি কমবে। র্যাশের সমস্যাও দূর হবে।