Advertisement
E-Paper

‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে আলিয়া মুখে ফাউন্ডেশন মাখেননি! তবুও জেল্লা ধরে রেখেছিলেন কী ভাবে?

বিভিন্ন রূপটানশিল্পী যখন দাগছোপমুক্ত ঝকঝকে ত্বক আনার জন্য মুখে ফাউন্ডেশনের পরত লাগাতেই অভ্যস্ত ছিলেন, তখন মিকি আলিয়ার স্বাভাবিক বৈশিষ্ট্যগুলিকেই প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৬:৫২
‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে আলিয়ার নো মেক আপ লুকের নেপথ্যে কে?

‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে আলিয়ার নো মেক আপ লুকের নেপথ্যে কে? ছবি: সংগৃহীত।

কর্ণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ (২০২৩) ছবিতে বাঙালি সাংবাদিকের চরিত্রে আলিয়ার সাজপোশাকও মনে ধরেছিল সবার। গড়িয়াহাট হোক কিংবা রামমন্দির, বড়বাজার হোক বা অনলাইনের বিভিন্ন শপিং সাইট— সর্বত্রই এখন সে ছবিতে আলিয়ার মতো রংবেরঙের শিফন শাড়ির রমরমা। শুধু পোশাক নয়, আলিয়ার নো মেকআপ লুকটিও বেশ জনপ্রিয় হয়েছিল। ছবিতে আলিয়ার মেকআপের দায়িত্বে ছিলেন রূপটানশিল্পী মিকি কন্ট্র্যাকটর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, রানির চরিত্রে আলিয়াকে সাজানোর জন্য তিনি নামমাত্র ফাউন্ডেশনও ব্যবহার করেননি।

করিনা কপূর খান থেকে রানি মুখোপাধ্যায়, আলিয়া ভট্ট থেকে ঐশ্বর্য রাই বচ্চনের একাধিক চরিত্রকে বড়পর্দায় সুন্দর ভাবে রূপ দেওয়ার নেপথ্য কারিগর ছিলেন মিকি। ভারতে এখন ‘নো মেকআপ লুক’-এর রমরমা বেড়েছে। আর মেকআপ আছে, অথচ তার ছাপ নেই মুখে— দেশে মডেল থেকে নায়িকাদের মধ্যে এই ধারা শুরু হয়েছিল মিকির হাত ধরেই। মিকি বলেন, ‘‘যথেষ্ট সচেতন ভাবেই আমি এই ধরনের মেকআপ করতে শুরু করেছিলাম। মেকআপ করলেও মনে হবে না যে, মেকআপ করেছেন। মেকআপ ছাড়া বলতে আসলে আমি বোঝাই ফাউন্ডেশন ছাড়া। মেকআপের নামে ফাউন্ডেশনের মোটা পরত চাপিয়ে দেওয়ার কোনও অর্থ নেই। আমি এক সময়ে ফাউন্ডেশনের ব্যবহার কমাতে শুরু করি। আমার দেখাদেখি ‘নো মেকআপ লুক’ ট্রেন্ড শুরু হয়েছিল দেশে। তবে আবার ব্রাইডাল মেকআপে ফাউন্ডেশনের মোটা পরতের ব্যবহার শুরু হয়েছে, এটা দেখে খারাপ লাগছে।’’

যখন বিভিন্ন রূপটানশিল্পী দাগছোপমুক্ত ঝকঝকে ত্বক আনার জন্য মুখে ফাউন্ডেশনের পরত লাগাতেই অভ্যস্ত ছিলেন, তখন মিকি আলিয়ার স্বাভাবিক বৈশিষ্ট্যগুলিকেই প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। নায়িকাকে ফাউন্ডেশন ছাড়া ক্যামেরাবন্দি করার সিদ্ধন্তটি মোটেও সহজ ছিল না মিকির কাছে। মিকি বলেন, ‘‘আমার এই সিদ্ধান্তে প্রথম থেকেই আলিয়াকে পাশে পেয়েছিলাম। তবে কর্ণ প্রথম দিকে একটু খুঁতখুঁত করছিল। আমি ওকে বলি একটা লুক টেস্ট করে দেখতে। কর্ণের ভাল না লাগলে আমায় সিদ্ধান্তটি বদলাতে হত। শেষমেশ আলিয়ার নো মেকআপ লুক কর্ণেরও মনে ধরেছিল।’’

পুরো সিনেমা জুড়ে অভিনেত্রীর মুখে ফাউন্ডেশন লাগাননি মিকি। মুখে জেল্লা আনার জন্য তিনি শুধু চোখের নীচে কনসিলার, স্মোকি আইশ্যাডো এবং ক্রিম ব্লাশ ব্যবহার করেছেন। আর মিকি রানির সাজ সম্পূর্ণ করেছেন ন্যুড লিপস্টিক আর কালো টিপ দিয়ে। মিকি বলেন, ‘‘ওটুকুই যথেষ্ট ছিল। বাকিটা চোখ দুটোই করে দিয়েছে। শুধু কাজল আর সামান্য লাইনার দিয়ে স্মোকি লুক আর মাস্কারা ব্যবহার করেছিলাম। সঙ্গে ছিল নকল আঁখিপল্লবের পাতলা স্তর।’’

Makeup Hacks Alia Bhatt
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy