ফ্যাশন করলে কি আরামের সঙ্গে আপস করতে হয়?
চৈত্রের শেষলগ্ন। মানে, গরমকাল দোরগোড়ায়। সপ্তাহ কয়েক পরেই আলমারি খুলে পাতলা সুতির টপ, লিনেনের শার্ট বা নরম, হালকা, নেতিয়ে যাওয়া শাড়ির খোঁজ পড়বে। কিন্তু আরাম খুঁজতে গিয়ে কি গ্রীষ্মে কেতাদুরস্ত সাজগোজ ভুলতে হবে?
সপ্তাহের সেরা সাজের খোঁজ করতে গিয়ে আনন্দবাজার ডট কমের নজর আটকাল এমন দুই সাজে, যা গরমের জন্য আদর্শ, আবার কেতাদুরস্তও। এমন সাজ, যা বহু ঝকঝকে সাজের ভিড়ে আালাদা করে নজর কাড়তে পারে। হতে পারে ট্রেন্ডসেটার।
সেজেছেন বলিউডের দুই তারকা অভিনেত্রী। এক জন নেপালের কন্যা মনীষা কৈরালা। অন্য জন বাঙালি অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা। দু’জনেই পরেছেন শাড়ি। সেই শাড়ির রঙেই মনে আরাম লাগে। এক জনের পাউডার পিঙ্ক। অন্য জনের পাউডার ব্লু। গরমে প্যাস্টেল শেডের রং চোখে আরাম দেয়, কঙ্কনা আর মনীষা তেমনই দুই প্যাস্টেল শেডের মিষ্টি রং বেছে নিয়েছেন গ্রীষ্মের সকালে নিজেদের সাজে।
দু’জনই নিজেদের সাজগোজে স্বতন্ত্র থেকেছেন বরাবর। এখনও যে ভিড়ের মধ্যে আলাদা হতে জানেন, তা-ও আবার স্বাচ্ছন্দ্য আর আরামের সঙ্গে বিন্দুমাত্র আপস না করে, তা বোঝা গেল সাজেই।
মনীষা কৈরালা
মনীষা পাউডার পিঙ্ক রঙের নরম শাড়িতে যে স্নিগ্ধতা নিয়ে এসেছেন, তা এই গ্রীষ্মে এক গোছা তাজা গোলাপ ফুলের মতোই আরামদায়ক। তাঁর গোলাপি জমির শাড়িতে সোনালি সুতোর সূক্ষ্ম কারুজাজ। অনুজ্জ্বল রুপোলি জরির ইঞ্চি পাড়। আর এই শাড়িকে মনীষা পরেছেন একটি ফুল স্লিভ সাদা শার্টের সঙ্গে। সঙ্গে পায়ে ওই রঙেরই গোলাপি স্নিকার্স! বয়সসুলভ রং না করা কাঁচা-পাকা চুল। অভিনেত্রী বুঝিয়ে দিয়েছেন, নিজস্বতা আর আরামকে দাপটের সঙ্গে বহন করতে হয় কী ভাবে।
কঙ্কনা সেনশর্মা
নরম, গায়ে লেপ্টে থাকা একরঙা, পাড়হীন, পাউডার ব্লু লিনেনের শাড়ি পরে কঙ্কনাকে এক গ্লাস তাজা শরবতের মতোই ফ্রেশ দেখাচ্ছে। তার সঙ্গে প্রিন্টেড ব্লাউজ় আর লেয়ার্ড রুপোর নেকলেস পরায় সাজে এক অদ্ভুত ক্লাসিক ভাব এসেছে। ‘মিনিমালিজম’ বা সংক্ষিপ্ততা ছেড়ে বাহুল্য বা ম্যাক্সিমালিজ়মই হালের ট্রেন্ড। কিন্তু কঙ্কনার সাজ দেখিয়ে দিয়েছে, কম সেজেও ভিড়ের মধ্যে আলাদা হওয়া যায় কী করে।
কী শেখা গেল?
১. গরমে প্যাস্টেল রংই সবচেয়ে বেশি স্নিগ্ধ। পাউডার পিঙ্ক, পাউডার ব্লু বা ওই ধরনের রঙের শাড়ি বা পোশাক থাকলে তা গরমে পরার জন্য সরিয়ে রাখুন।
২. ব্লাউজ় সাজের উত্তরণ ঘটাতে পারে। মনীষার মতো শার্ট বা কঙ্কনার মতো ছোট গলার গ্লাস হাতা ব্লাউজ় তাঁদের শাড়ির সাজকে স্বতন্ত্র করেছে।
৩. গরমের ফ্যাশনে কখনওই আরামের সঙ্গে আপস করার দরকার নেই। দরকার মতো জুতো, চুলের স্টাইল বদলে নিন। যাতে খোলামেলা থাকা যায়, তা দেখতে ভাল লাগে বেশি।