Advertisement
E-Paper

হবু মা সোনম রূপচর্চা করছেন নারকেল তেল দিয়ে, ব্যবহারের বিধি শেখালেন অভিনেত্রী

দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী সোনম কপূর। তাঁর অন্তঃসত্ত্বাকালীন সাজপোশাক ইতিমধ্যেই নজর কেড়েছেন ফ্যাশন দুনিয়ার। সাজপোশাকের সঙ্গে তিনি যে বিশেষ ভাবে ত্বক ও চুলের স্বাস্থ্যের দিকে নজর রেখেছেন, তা-ও জানিয়েছেন অভিনেত্রী। এই সময়ে বাজারচলতি প্রসাধনী নয়, বরং সোনম ভরসা রেখেছেন নারকেল তেলে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৭:০৪
Sonam Kapoor reveals her skin and hair care routine

সোনমের রূপচর্চায় কী ভাবে জায়গা করে নিয়েছে নারকেল তেল? ছবি: ফ্রিপিক।

মা হতে চলেছেন সোনম কপূর। দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ যে তিনি কতটা উপভোগ করছেন তার প্রকাশ ঘটছে সাজপোশাকের চাকচিক্যে। কখনও সাদা পোশাকে মোহময়ী রূপে ধরা দিচ্ছেন, আবার কখনও কালো স্কার্ট ও ক্রপ টপ স্টাইলে। অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় কী ভাবে নজর কাড়া যায়, সে ব্যাপারে সোনম রীতিমতো পারদর্শী। প্রথম সন্তান বায়ুর জন্মের সময়েও নানা সাজপোশাকে নতুন নতুন অবতারে দেখা গিয়েছিল তাঁকে। তবে শুধু পোশাক নির্বাচন নয়, রূপচর্চাতেও তিনি যে বেশ খুঁতখুঁতে তা আগেও জানিয়েছেন। বলিউডের ‘ফ্যাশন আইকন’ হলেও, তাঁর নিজের রূপ-রুটিন খুবই সাদামাঠা। সেখানে মা-ঠাকুরমাদের পুরনো টোটকাগুলিকেই কাজে লাগান অভিনেত্রী। ত্বক ও চুল ভাল রাখতে হবু মা তাই বেছে নিয়েছেন নারকেল তেল।

সোনম জানিয়েছেন, কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়া নেই, অথচ ত্বক ও চুল নরম, মসৃণ ও স্বাস্থ্যোজ্জ্বল করে তুলতে নারকেল তেলের জুড়ি মেলা ভার। হরেক রকম প্রসাধনী যখন ছিল না, তখন নারকেল তেলই ছিল ভারতীয় মহিলাদের রূপচর্চার অন্যতম উপকরণ। আর তাতেই জেল্লা দিত ত্বক। মা সুনিতা কপূরও নারকেল তেল দিয়েই ত্বক ও চুলের যত্ন নেন। আর তাঁর থেকেই এই অভ্যাস রপ্ত করেছেন সোনম। তবে শুধু নারকেল তেল নয়, তার সঙ্গে আরও কিছু ঘরোয়া উপকরণও মিশিয়ে নেন তিনি।

চুলের জন্য ‘হট অয়েল’ থেরাপি

নারকেল তেলের সঙ্গে সামান্য আমন্ড অয়েল ও ক্যাস্টর অয়েল মিশিয়ে নেন। তার পর সেই তেল হালকা গরম করে মাথার ত্বকে ভাল করে মালিশ করেন। সোনম জানাচ্ছেন, এই তেল ব্যবহারে চুল পড়া অনেক কমে গিয়েছে তাঁর। সপ্তাহে অন্তত দু’দিন এই তেল ব্যবহারে চুলের রুক্ষ ভাব দূর হবে। অনেক বেশি জেল্লাদার হয়ে উঠবে চুল।

ডবল ক্লিনজ়িং

ভারী মেকআপ তোলার জন্য বাজারচলতি ক্লিনজ়ারের চেয়ে নারকেল তেলই বেশি পছন্দ সোনমের। রোজ রাতে নারকেল তেল দিয়েই ত্বকের পরিচর্যা করেন। সোনম জানিয়েছেন, হাতে সামান্য নারকেল তেল নিয়ে সারা মুখে মালিশ করলে মেকআপ তো উঠেই যায়, ত্বকও চকচকে দেখায়। যে কোনও জলনিরোধী মেকআপ তুলতেও নারকেল তেলই ভরসা অভিনেত্রীর।

বডি ময়েশ্চার

নামীদামি ব্র্যান্ডের বডি অয়েল নয়, গায়ে মাখার জন্যও নারকেল তেল পছন্দ সোনমের। স্নানের পরে নিয়মিত নারকেল তেল মাখলে ত্বক নরম থাকে। এর সঙ্গে সামান্য আমন্ড অয়েল মিশিয়ে নিলে ত্বক আরও জেল্লাদার হয়ে ওঠে। সোনম জানাচ্ছেন, ত্বকের কালো দাগছোপ তুলতে নারকেল তেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিলে কাজ হয় বেশি। কনুই ও গোড়ালির কালচে দাগ তুলতে এটি খুবই কার্যকর।

নারকেল তেলে আছে লরিক অ্যাসিড ও ওলেইক অ্যাসিড, যা ত্বক ও চুলের জন্য ভাল। অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ এই তেল ত্বকের প্রদাহজনিত সমস্যাও দূর করে। ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়লে চুলকানি কিংবা র‌্যাশও হতে পারে। সে ক্ষেত্রে নারকেল তেল মাখার পরামর্শ দেন বহু চিকিৎসকই। রোদের পোড়া দাগ অর্থাৎ ট্যান তুলতেও সাহায্য করে নারকেল তেল।

Sonam Kapoor Skin Care Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy