বয়সের চাকা গড়াবেই। কালের নিয়মে যৌবনেও মরচে ধরবে। বুড়োটে ছাপ পড়বে চেহারায়। একজন মহিলা ও পুরুষের বয়স যখন চল্লিশ পার হয়, তখনই তার চেহারায় বয়সের ছাপ স্পষ্ট হয়েই ধরা দেয়। হালকা বলিরেখা উঁকি দিতে থাকে ত্বকে। তারুণ্য ধরে রাখতে কেউ রূপচর্চায় বেশি সময় দেন, একগাদা টাকা খরচ করে বিভিন্ন রকম প্রসাধনী কিনে ফেলেন। আবার অনেকে নানা রকম থেরাপির মধ্যে দিয়ে যান। এতে বয়স তো কম দেখায়ই না, উল্টে বিভিন্ন রকম অসুখবিসুখ বাসা বাঁধতে থাকে। এমন কিছু পানীয় আছে যা নিয়মিত পান করলে তারুণ্য ধরে রাখা সম্ভব। আবার সেই সব পানীয় শরীরের রোগ প্রতিরোধ শক্তিও বৃদ্ধি করবে।
বয়স ধরে রাখবে তিন পানীয়
বেদানা-আমলকির রস
এই পানীয় বানাতে লাগবে ১ কাপ আমলকির রস, ১ কাপ বেদানার রস, ১ চা চামচ গুঁড়ো হলুদ, ১ চা চামচ মধু, ১ চা চামচ আদার রস ও লেবুর রস। বড় কাচের বোতলে প্রথমে সব ধরনের রস মিশিয়ে নিন। এ বার তার মধ্যে মেশান গুঁড়ো হলুদ এবং মধু। ভাল করে মিশিয়ে নিয়ে আদার রসও দিয়ে দিন। সব শেষে গোলমরিচের গুঁড়ো এবং লেবুর রস ছড়িয়ে দিন। পরিবেশন করার আগে উপর থেকে কয়েকটি পুদিনাপাতা ছড়িয়ে দিন।
আরও পড়ুন:
গাজর-বিট-আপেলের ডিটক্স
আপেল, বিট এবং গাজরের মিশ্রণে তৈরি এই রস অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর। ফাইবার, ভিটামিন এ, বি১, বি২, বি৬, সি, ই এবং কে-তে সমৃদ্ধ এই রস। রয়েছে ফোলেট, নিয়াসিন, জ়িঙ্ক, কপার, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ফসফরাস, আয়রন, ক্যালশিয়াম, সোডিয়াম এবং ম্যাঙ্গানিজ়ের মতো খনিজ। আপেল, অর্ধেকটা বিট ও মাঝারি মাপের গাজর নিয়ে মিক্সিতে পেস্ট করে নিন। এতে সামান্য মধু ও পুদিনা পাতা মিশিয়ে পান করুন।
পালং শাকের ডিটক্স
পালং শাক এক কাপ, আধ কাপ ধনেপাতা, দুই থেকে তিন আঁটি পার্সলে, একটি আমলকি নিতে হবে। সমস্ত উপকরণ ভাল করে ধুয়ে নিয়ে মিক্সারে ভাল করে মিশিয়ে নিন। থকথকে একটি মিশ্রণ তৈরি হবে। সেটি ছেঁকে নিতে হবে। এই পানীয়ের সঙ্গে এক চিমটে নুন ও পাতিলেবুর রস মিশিয়ে খেয়ে নিন। রোজ সকালে খেলে শরীর থেকে টক্সিন বা দূষিত পদার্থ বেরিয়ে যাবে।