টাক নিয়ে অনেকের অনেক রকম সমস্যা। টাকের জন্য হাসির পাত্র হয়ে ওঠা অনেকের জন্য অস্বস্তিকর। অথচ টাক কিন্তু স্টাইল স্টেটমেন্ট হয়ে উঠতে পারে। বংশগত কারণ, যত্নের অভাব বা যে কোনও শারীরিক সমস্যায় চুল উঠে টাক পড়ে যেতেই পারে। তাতে দুঃখিত না হয়ে বরং যত্ন নিন টাকের। মনে রাখবেন, চুলের মতো টাকের যত্ন নেওয়াও জরুরি। যাঁদের মাথার উপর থেকে চুলের আবরণ চলে যাচ্ছে, তাঁদের মাথায় সূর্যালোক বা পরিবেশ দূষণ সরাসরি প্রভাব ফেলতে শুরু করে। বিশেষ করে গরমে কড়া রোদে বেরোনোর আগে টাকের চাই বাড়তি যত্ন।
১) টাক পড়ে গিয়েছে বলে ভাববেন না, শ্যাম্পু ব্যবহারের প্রয়োজনীয়তা নেই। তেল ও ময়লা জমে টাক অমসৃণ দেখায়। টাকের চামড়া উঠে সাদা, খসখসে দেখাতে পারে। তাই নিয়ম করে টাক পরিষ্কার করুন। স্নানের সময় নিয়মিত মৃদু শ্যাম্পু ব্যবহার করলে টাক রুক্ষ দেখাবে না।
২) কেবল মুখে নয়, টাকেও এসপিএফ ৩০ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এ ক্ষেত্রে ক্রিম, স্প্রে বা জেল, যেটা ইচ্ছে ব্যবহার করতে পারেন। দুপুর রোদে বেরোলে অবশ্যই টুপি পরুন।
৩) গোটা শরীর ও ত্বকের আর্দ্রতা বজায় রাখা যেমন জরুরি, তেমনই টাকের আর্দ্রতা বজায় রাখাও প্রয়োজন। তাই প্রচুর জল খান। স্নানের পর লাইটওয়েট ময়েশ্চারাইজ়ার ব্যবহার করুন।
৪) ঠিক যে ভাবে দাড়ি কাটেন, সেই ভাবে নিয়মিত মাথা কামিয়ে রাখতে পারেন। মাথা কামাতে প্রতি বার নতুন ব্লেড ব্যবহার করাই ভাল। শেভিংয়ের আগে লুব্রিকেটিং জেল বা ফোম ব্যবহার করতে হবে। শেষে ইচ্ছে করলে অ্যালকোহলমুক্ত আফটারশেভ ব্যবহার করতে পারেন।
৫) মাথায় খুশকি, লাল ভাব, র্যাশ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বেসাল সেল ক্যানসারের লক্ষণ দেখা দিতে পারে মাথায়। তাই তিল, আঁচিল, কালচে দাগ হঠাৎ করে বৃদ্ধি পেলে স্কাল্প চেক আপ করানো ভীষণ জরুরি।