বিয়েবাড়ি হোক কিংবা কোনও পার্টি— এখন হালকা মেকআপ করতেই বেশি পছন্দ করছেন তরুণীরা। সাজ হবে এমন, যাতে বোঝা না যায় কোনও প্রসাধনী ব্যবহার করা হয়েছে। দেখে যেন মনে হয়, ত্বক এতই সুস্থ যে, ভিতর থেকে উজ্জ্বল আভা ঠিকরে বেরোচ্ছে। ঠিক যেমনটা অভিনেত্রীদের দেখে মনে হয়। চটজলদি ত্বকে জেল্লা আনতে মেকআপ কিটে কোন কোন প্রসাধনী রাখতেই হবে, রইল হদিস।
ময়শ্চারাইজ়ার: মেকআপ করার আগে ত্বকের যত্ন নিতে ভুলবেন না। টোনারের পর মুখে ময়েশ্চারাইজার ব্যবহার করা ভীষণ জরুরি। এতে ত্বকের আর্দ্রভাব বজায় থাকে। ত্বক উজ্জ্বল দেখায়।
প্রাইমার: মেকআপের সময়ে অনেকেই প্রাইমার ব্যবহার করেন না। মেকআপ টিকিয়ে রাখতে এবং জেল্লাদার ত্বক পেতে প্রাইমার দারুণ কাজে আসে।
কনসিলার: মেকআপের সময়ে সারা মুখে কনসিলার লাগাবেন না। মুখে কোনও দাগছোপ থাকলে শুধু সেখানেই কনসিলার ব্যবহার করবেন। চোখের তলায় কালি পড়লে তা ঢাকার জন্য সে সব স্থানে ভাল করে কনসিলার লাগান।
তরল ব্লাশ: কিয়ারার মতো গোলাপি গাল পেতে তরল ব্লাশ ব্যবহার করুন। এই প্রকার ব্লাশ খুব সহজেই ত্বকের সঙ্গে মিলিয়ে যায়। ফলে মেকআপ চড়া মনে হবে না, জেল্লাও আসবে।
কমপ্যাক্ট: সারা মুখে ফেস পাউডার বা কমপ্যাক্ট পাউডার ব্যবহার করবেন না। যে সব স্থানে কনসিলার লাগিয়েছেন, সেখানেই কমপ্যাক্ট পাউডার লাগান। অতিরিক্ত কমপ্যাক্ট পাউডার ব্যবহার করলে ত্বক শুষ্ক দেখায়।
ফিক্সার স্প্রে: মেকআপ করার আগে ও পরে ফিক্সার স্প্রে ব্যবহার করতে ভুলবেন না যেন। মেকআপ দীর্ঘ ক্ষণ ধরে রাখার পাশাপাশি, এটি ব্যবহার করলে ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে।
তরল হাইলাইটার: ফাউন্ডেশনের সঙ্গে সামান্য লিকুইড হাইলাইটার ব্যবহার করুন। এতে ত্বক জেল্লাদার দেখাবে। মেকআপের পরেও আবার হাইলাইটার ব্যবহার করতে ভুলবেন না যেন।