Advertisement
E-Paper

শসা, আলুতে অ্যালার্জি, বেশি মুখ ধুলেই সমস্যা! এখন সেই বিজয়-পত্নী রশ্মিকা কী ভাবে এত সুন্দর জানেন?

বিয়ের দিন রশ্মিকা মন্দানার সৌন্দর্য দেখে মুগ্ধ গোটা দেশ। শাড়ি, ভারী গয়না, জমকালো সাজ— এ সবের মাঝেও মুখের দীপ্তি আলাদা করে নজর কেড়েছে। তবে তার কৃতিত্ব কিন্তু কেবল সাজের নয়। নেপথ্যে রয়েছে দীর্ঘ দিনের যত্ন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ২০:১৬
রশ্মিকা মন্দানার রূপচর্চা।

রশ্মিকা মন্দানার রূপচর্চা। ছবি: ইনস্টাগ্রাম।

জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। বিয়ের ছবি থেকে সঙ্গীতানুষ্ঠানের ছবিতে ইনস্টাগ্রাম ছেয়ে গিয়েছে। বিজয় দেবরকোন্ডার স্ত্রী হিসেবে নতুন যাত্রা শুরু রশ্মিকা মন্দানার। কিন্তু ‘জাতীয় ক্রাশ’ হিসেবে তাঁর রূপ নিয়ে আলোচনা বহু দিনের। বিশেষ করে বিয়ের দিন তাঁর সৌন্দর্য দেখে মুগ্ধ গোটা দেশ। শাড়ি, ভারী গয়না, জমকালো সাজ— এ সবের মাঝেও মুখের দীপ্তি আলাদা করে নজর কেড়েছে। তবে তার কৃতিত্ব কিন্তু কেবল সাজের নয়। নেপথ্যে রয়েছে দীর্ঘ দিনের যত্ন, নিয়মিত ত্বকচর্চা আর ভিতর থেকে সুস্থ থাকার অভ্যাস। রশ্মিকা নিজেই তাঁর রূপচর্চা প্রকাশ্যে এনেছিলেন এক সময়ে। একই সঙ্গে সকলকে পরামর্শও দিয়েছিলেন। দেখা যাক, নববধূ কী ভাবে নিজেকে এত সুন্দর রাখেন? কী তার রহস্য?

বিজয়ের সঙ্গে রশ্মিকা, বিয়ের সাজে।

বিজয়ের সঙ্গে রশ্মিকা, বিয়ের সাজে। ছবি: ইনস্টাগ্রাম

রশ্মিকার ত্বক মিশ্র প্রকৃতির। শুষ্কও নয়, তৈলাক্তও নয়। ত্বক নিয়ে নানা ধরনের সমস্যায় ভুগতে হয়েছে তাঁকে। আপাত দৃষ্টিতে মনে হবে, জিনগত দিক থেকেই তিনি এত সুন্দর। কিন্তু আদপে তা নয়, ত্বককে সুন্দর রাখতে ছোট থেকেই অনেক কসরত করতে হয়েছে বিজয়-পত্নীকে। নিজের অভিজ্ঞতা থেকে তাই তিনি সকলের জন্য কয়েকটি পরামর্শ দিয়ে একটি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে।

১. অ্যালার্জি পরীক্ষা: পোস্টে রশ্মিকা লিখেছিলেন, ‘‘আমরা ভারতীয়েরা সাধারণত খুব তীব্র অ্যালার্জিতে ভুগি না, কিন্তু এর প্রভাব দীর্ঘমেয়াদি হতে পারে। যেমন, আমার শসা, টম্যাটো, ক্যাপসিকাম এমনকি আলুতেও অ্যালার্জি আছে। দু’বছর আগে আমার ত্বক খুব খারাপ অবস্থায় ছিল, যদিও আমি সব নিয়মই মানতাম। পরে অ্যালার্জি পরীক্ষা করে আমি যখন সেই খাবারগুলো বাদ দিলাম, আমার ত্বক কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেল!’’

২. খাদ্যাভ্যাস ও জলপান: রশ্মিকার পরামর্শ, শরীর কী খাবার গ্রহণ করছে, সেটা বুঝতে হবে। তার মানে এই নয় যে আপনি সব সময় জাঙ্ক ফুড, তৈলাক্ত খাবার বা দুগ্ধজাত খাবার খাবেন না। শরীরকে পর্যবেক্ষণ করতে হবে। যে সব খাবার খেলে ত্বক তৈলাক্ত হয়ে যায় সেগুলি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন নায়িকা। প্রচুর জল পান করার কথা জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, জল নানা ভাবে ত্বকের উপকার করে।

৩. সানস্ক্রিন: ঘর থেকে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন মাখতে হবে। এ নিয়ম অক্ষরে অক্ষরে পালন করেন রশ্মিকা। সূর্যের ক্ষতিকর রশ্মিকে নিজের ত্বকের সংস্পর্শে আসতে দেন না তিনি।

৪. ভিটামিন সি সিরাম: প্রতি দিন ভাল ভিটামিন-সি সিরাম ব্যবহার করতে বলেছেন রশ্মিকা। তবে অবশ্যই চর্মরোগ চিকিৎসকের সঙ্গে কথা বলে নিতে হবে। এটি নাকি জাদুর মতো কাজ করে, এমনই বক্তব্য নায়িকার।

৫. ময়েশ্চারাইজ়ার: ময়েশ্চারাইজ়ার ত্বককে দ্রুত সুস্থ হতে সাহায্য করে। মুখে ময়েশ্চারাইজ়ার মাখার সময়ে ঘাড় এবং চোখের চারপাশেও আলতো ভাবে মাসাজ করতে বলছেন বিজয়-পত্নী।

৬. ক্লিনজ়িং: দিনে অসংখ্য বার মুখ ধোয়ার প্রয়োজন নেই, দু’বারই যথেষ্ট বলে মনে করেন রশ্মিকা। এমন কোনও ফেসওয়াশ ব্যবহার করতে বলেছেন, যা ত্বককে অতিরিক্ত শুষ্ক বা খসখসে না করে ফেলে।

৭. এক্সফোলিয়েশন: ত্বক এবং ঠোঁট এক্সফোলিয়েট বা স্ক্রাব করার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী। তবে এটি প্রতি দিন করার দরকার নেই, মাঝে মাঝে করলেই হবে। যাঁদের ব্রণ রয়েছে, তবে খুব বেশি ঘষাঘষি করলে ত্বকের অবস্থা আরও খারাপ হবে বলে মত নায়িকার।

Rashmika Mandanna beauty secrets
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy