চুল ঝরে পড়া, পাতলা হয়ে যাওয়া বা রুক্ষ হয়ে যাওয়া— এই সমস্যাগুলি এখন অনেক পুরুষেরই নিত্যসঙ্গী। তাই ক্যাস্টর অয়েল নিয়ে আগ্রহ বাড়ছে ঘরে ঘরে। কারণ, ক্যাস্টর অয়েলে থাকা রিসিনোলিক অ্যাসিড, ভিটামিন ই ও ফ্যাটি অ্যাসিড মাথার ত্বককে পুষ্টি দেয়, শুষ্কতা কমায় এবং এমন পরিবেশ তৈরি করে যেখানে চুল ভাল থাকে। কিন্তু সঠিক ঘনত্ব পাওয়ার জন্য অন্য কোনও হালকা তেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে তার পর প্রয়োগ করা উচিত। এই কৌশলে গুণ বাড়ে তেলের। ক্যাস্টর অয়েল একা নয়, সঠিক সঙ্গী পেলেই তার আসল ক্ষমতা প্রকাশ পায়। নিয়মিত ব্যবহার আর সঠিক মিশ্রণই সবচেয়ে বড় চাবিকাঠি।
এই জায়গাতেই আসে সঠিক তেল বাছাইয়ের প্রশ্ন। চুলের ধরন বুঝে কোন তেল মেশাবেন, সেটি নির্ধারণ করতে হবে—
১. নারকেল তেল: ক্যাস্টর অয়েলের সঙ্গে এই তেলের জুটি সবচেয়ে বেশি জনপ্রিয়। নারকেল তেল চুলের ভিতরে প্রবেশ করে প্রোটিনের (কেরাটিন) ক্ষয় কমায়, ফলে চুলে ভাঙন ধরার প্রবণতা কমে। শুষ্ক, রুক্ষ বা ক্ষতিগ্রস্ত চুলে এই মিশ্রণ বিশেষ কার্যকর।
২. আমন্ড অয়েল: এই বাদাম তেলও খুব উপকারী। হালকা ও পুষ্টিকর এই তেল মাথার ত্বকে রক্তসঞ্চালন বাড়াতে সাহায্য করে। ক্যাস্টর অয়েল বেশ ভারী বলে এই তেলের সঙ্গে মেশালে সুন্দর একটি ভারসাম্য তৈরি হয়। নিয়মিত মাথায় মাখলে চুলের গোড়া মজবুত হয়।
৩. আর্গন অয়েল: এই তেলকে অনেকেই তরল সোনা বলেন। এতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ও ফ্যাটি অ্যাসিড চুলকে মসৃণ করে, জট পড়ার সমস্যা কমায় এবং ঔজ্জ্বল্য বাড়ায়। রং করা বা কেমিক্যাল ট্রিটমেন্ট করা চুলের জন্য এই মিশ্রণ বিশেষ উপযোগী।
৪. হোহোবা অয়েল: যাঁদের মাথার ত্বক খুব তৈলাক্ত, তাঁদের জন্য হোহোবা তেল খুবই উপকারী। মাথার ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে পুষ্টির জোগান দেয়। ফলে চুল গজানোর জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়।
৫. রোজ়মেরি অয়েল: মাথার ত্বকে রক্তসঞ্চালন বাড়িয়ে চুলের ফলিকলগুলিকে সক্রিয় করতে সাহায্য করে রোজ়মেরি ও ক্যাস্টর অয়েলের মিশ্রণ। বিশেষ করে চুল পাতলা হয়ে গেলে এই টোটকা প্রয়োগ করা উচিত নিয়ম করে।