খাওয়া হোক কিংবা আড্ডা— একটি টেবিলের দরকার পড়ে সব সময়ই। কেতাদুরস্ত সোফা সেটও অসম্পূর্ণ দেখায় সামনে একটি মানানসই টেবিল না হলে। অন্দরসজ্জার চাকচিক্য বদলেছে অনেকটাই। তার সঙ্গে বদল এসেছে টেবিলেও। টেবিল নিজেই হয়ে উঠেছে শিল্পবস্তু। চৌকো নয়, অন্দরের সাজে বদল আনতে, বেছে নিন গোল টেবিল। ছোট্ট জায়গায় মানানসই, চৌকো টেবিলের মতো কোনায় মাথা ঠুকে যাওয়ার ভয় নেই, আর কী সুবিধা আছে এমন টেবিলের?
১। গোল টেবিলের ধারালো কোণ থাকে না বলে ছোট ঘরে তাড়াহুড়োয় যাতায়াতে ধাক্কা লেগে যাওয়ার ভয় কম। বাড়িতে খুদে সদস্য থাকলে দৌরাত্ম্যের সময় টেবিলের কোণে ধাক্কা খাওয়ারও ঝুঁকি থাকে না।
২। চৌকো, আয়তকার টেবিলের বদলে গোল টেবিল দেখতেও খানিক ভিন্ন লাগে। তাই টেবিলের এমন ধরন চোখের পক্ষেও আরামদায়ক হয়ে ওঠে।
আরও পড়ুন:
৩। গোল ডাইনিং টেবিলের মধ্যবর্তী স্থান থেকে সকলেই প্রায় সমদূরত্বে থাকেন। ফলে খাওয়ার সময় খাবার নেওয়ার, আড্ডা দেওয়ারও সুবিধা হয়।
কোন ধরনের টেবিল দিয়ে, কী ভাবে ঘর সাজাবেন
খাওয়ার টেবিল
মার্বেল, কাঠের গোলাকার টেবিলও ঘরের রূপ বদলে দিতে পারে। ছবি:সংগৃহীত
গোলাকার খাওয়ার টেবিল ঘরের সজ্জায় অন্য মাত্রা যোগ করতে পারে। কাঠের বা মার্বেলের— যে কোনও রকম টেবিল বেছে নিতে পারেন। ঘরের জায়গা, বাড়ির সদস্য কত জন, সেই বুঝে টেবিলের আকার বাছাই করা ভাল। মার্বেলের টেবিল মানেই সাবেক অন্দরসজ্জা নয়, বরং আধুনিক নকশার বাড়ির সঙ্গে মানানসই মার্বেলের টেবিলও এখন পাওয়া যায়। সেই টেবিল নিজেই হয়ে উঠতে পারে শিল্প নিদর্শন। আবার কাঠের কারুকাজ করা টেবিল ঘরে আনতে পারে আভিজাত্যের ছোঁয়া। এখন বহু বাড়ি এবং ফ্ল্যাটে খাওয়া এবং বসার জায়গাটির জন্য একটু প্রশস্ত একটাই স্থান বেছে নেওয়া হয়। তেমন জায়গায় এমন টেবিল মানানসই হবে।
মধ্যমণি হোক টেবিল
সজ্জার জন্য বেছে নিতে পারেন শৌখিন টেবিল। ছবি:সংগৃহীত।
সোফার সামনে বা বসার জায়গার এক পাশে অথবা শোয়ার ঘরের জন্য বেছে নিন মাঝারি আকারের শৌখিন গোল টেবিল। পাথরের দুই থাক বিশিষ্ট নজরকাড়া টেবিল অন্দরের রূপ বদলে দিতে পারে। এ ছাড়াও সুদৃশ্য গোল থামের উপরে গোল টপ বিশিষ্ট টেবিল পাওয়া যায়। ঘর সাজাতে বেছে নিতে পারেন এমন কিছুও।
কফি টেবিল
কফির টেবিলও হয় নানা রকম। বেছে নিন ঘরের সঙ্গে মানানসই হবে এমন কিছু। ছবি:সংগৃহীত।
নিচু সোফার সঙ্গে নিচু কফি টেবিলও বেছে নিতে পারেন। রট আয়রন বা ধাতব নকশা করা পাথরের টেবিল সেই তালিকায় যেমন রাখতে পারেন, তেমন বেছে নিতে পারেন কাঠের তেপায়া গোল টেবিল। আবার জিনিসপত্র রাখার সুবিধার জন্য দ্বিস্তরীয় গোল টেবিলও অন্দরসজ্জায় ঠাঁই পেতে পারে।